প্রধানমন্ত্রী দহগ্রাম আঙ্গরপোতা যাচ্ছেন ১৯ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের সব সরকারি ভবনে (ইউনিয়ন পরিষদ, হাসপাতাল, পুলিশ ফাঁড়ি, বিজিবি ক্যাম্প, রাস্তাঘাট, পুল-কালভার্টসহ অন্যান্য স্থাপনা) চলছে ধোয়ামোছা ও মেরামতের কাজ। ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে এসব কাজ চলছে। এলাকাবাসী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের সফর ঘিরে সেখানকার মানুষের আকাঙ্ক্ষা, অপেক্ষা ও চাওয়ার যেন শেষ নেই; চলছে বিভিন্ন কার্যক্রম ও প্রস্তুতি সভা। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে লালমনিরহাট সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন পাটগ্রাম ও দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে প্রধানমন্ত্রীর সফর নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা, মহাজোটের নেতা ও মিডিয়ার সঙ্গে মতবিনিময় করেন। এতে জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার, পুলিশ সুপার হাবিবুর রহমান, ৩১ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসলাম হোসেন, সিভিল সার্জন জাহাঙ্গীর আলম সরকারসহ সব দপ্তরের জেলা প্রধানেরা উপস্থিত ছিলেন।দহগ্রাম-আঙ্গরপোতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে আমরা চাকরিতে স্পেশাল কোটা, ন্যাশনাল সার্ভিস প্রকল্প চালু, আশ্রয়ণ প্রকল্প নির্মাণ, তিস্তা নদীর ভাঙনরোধ, দহগ্রামের বঙ্গেরবাজার থেকে সরাসরি বাসযোগে তিনবিঘা করিডোর হয়ে রংপুরে চলাচলের অনুমতি লাভসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার দাবি করছি। এ ছিটমহলটির একমাত্র উচ্চবিদ্যালয়টি জাতীয়করণ, ব্যাংক-বিমার অফিস স্থাপন, সব মুঠোফোনের নেটওয়ার্ক চালুসহ সেখানে একটি পর্যটনকেন্দ্র স্থাপনের বিষয় এখন আমাদের প্রাণের দাবি।’পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, দহগ্রাম হাসপাতালটি চালু, পাটগ্রাম স্টেডিয়ামটিকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে উন্নীতকরণ ও ধরলা নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি এ উপজেলার সব মানুষের।জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার বলেন, গত সোমবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক জরুরি ফ্যাক্সবার্তায় পূর্বনির্ধারিত ৮ অক্টোবরের পরিবর্তে প্রধানমন্ত্রী ১৯ অক্টোবর আসবেন বলে জানানো হয়েছে।