প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন এপ্রিলের প্রথমার্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিসে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর l ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী এপ্রিলের প্রথমার্থে দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো আমন্ত্রণপত্র গতকাল বৃহস্পতিবার বিকেলে শেখ হাসিনার হাতে তুলে দেন ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর। ওই সফরের কর্মসূচি ও আলোচ্যসূচি নিয়ে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে জয়শঙ্কর আলোচনা করেছেন।

শেখ হাসিনার দিল্লি সফরের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য গতকাল দুপুরে ঢাকায় আসেন জয়শঙ্কর। বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংসদ ভবনের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।

দুই পররাষ্ট্রসচিবের বৈঠকে তিস্তা ও সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, ‘যেহেতু দুই পররাষ্ট্রসচিবের বৈঠকটি আসন্ন সফরের আলোচ্যসূচি ঠিক করার বিষয়, তাই সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। সামরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।’

তিস্তা চুক্তি সইয়ের ব্যাপারে জানতে চাইলে শহীদুল হক বলেন, ‘আমরা এ ব্যাপারে আশাবাদী।’ গঙ্গা ব্যারাজ নির্মাণে ভারতের সহযোগিতার ব্যাপারে আশাবাদের কথা উল্লেখ করে তিনি জানান, খুব শিগগির এ বিষয়ে গঠিত যৌথ কারিগরি কমিটি বৈঠকে বসবে। তবে ভারত থেকে ঋণচুক্তির আওতায় বাংলাদেশ সমরাস্ত্র কিনছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রসচিব কোনো মন্তব্য করতে রাজি হননি।

ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্রসচিবেরা নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্য, বিদ্যুৎ জ্বালানি, নৌপরিবহন, রেলওয়েসহ বিভিন্ন খাতে সম্প্রতি বিভিন্ন পর্যায়ের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো পর্যালোচনা করেছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলামকে উদ্ধৃত করে বাসস জানায়, স্থলসীমান্ত ও ছিটমহল সমস্যাসহ প্রতিবেশী দুই দেশের মধ্যে বিভিন্ন সমস্যার পারস্পরিক সমাধানের কথা তুলে ধরে জয়শঙ্করকে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের উদ্দেশ্য যদি ভালো হয়, আলোচনার মাধ্যমে আমরা যেকোনো সমস্যার সমাধান করতে পারব।’

ভারতের পররাষ্ট্রসচিব বর্তমানে সার্কের অচলাবস্থার প্রসঙ্গটি তোলেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এটি ডুবে যেতে দেব না।’

ভারতের পররাষ্ট্রসচিব বলেন, বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী তাঁর দেশ বাংলাদেশে আরও উন্নয়ন প্রকল্প গ্রহণ করবে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের ব্যাপারে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন জয়শঙ্কর। এ ছাড়া দুই পররাষ্ট্রসচিব নতুন ও সৃজনশীল কিছু ক্ষেত্রের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে একমত হয়েছেন।

আজ শুক্রবার সকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে জয়শঙ্করের।