বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী নিজের দেশ অশান্ত রেখে বিদেশে গিয়ে শান্তির নতুন মডেল উপস্থাপন করেছেন। এ খবর পড়ে মনে মনে হাসছিলাম। যে দেশের পুলিশ বুট দিয়ে মানুষকে পিষে দেয়, দুস্থরা ডাস্টবিন থেকে সানকিতে করে খাবার তুলে খায়, সে দেশের প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে শান্তির মডেল উপস্থাপন করেন। প্রধানমন্ত্রীকে বলব, আগে আপনার ঘরের ভেতর দেখুন।’গতকাল রোববার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘দেশের ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। শিক্ষার হার অনেক কম। গণতন্ত্রকে সুষ্ঠু রূপ দিতে পারিনি। এখনো সভা-মিছিলে প্রতিপক্ষকে আক্রমণ করা হয়। পুলিশ একজন নাগরিককে বুট দিয়ে পিষে দেয়। আমরা এমন এক গণতান্ত্রিক ব্যবস্থায় বাস করছি, যেখানে একজন আইনজীবীকে বাসা থেকে ধরে নিয়ে পিটিয়ে মেরে ফেলে।’ তিনি বলেন, ‘জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলামকে ধরে নিয়ে গেছে। তিনি যদি কোনো আইন ভঙ্গও করে থাকেন, বিচার করুন। কিন্তু তাঁকে ধরে নিয়ে মেরে পা ভেঙে দেবেন, তা তো হতে পারে না। হাতকড়া লাগিয়ে চোর-ডাকাতের মতো ছবি তুলেছেন। এটা কোন গণতন্ত্র, কোন সংস্কৃতি?’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তরুণদের এখন রাজনীতিতে আকর্ষণ নেই। কারণ, তাদের সামনে কোনো অনুকরণীয় আদর্শ নেই। অনেকে বলেছে, তারা রাজনীতিবিদদের পছন্দ করে না। কারণ, রাজনীতিবিদেরা যা বলেন তা করেন না। তিনি নিজেদের ভালো কাজের মধ্য দিয়ে তরুণদের আকৃষ্ট করতে স্বেচ্ছাসেবক দলের প্রতি আহ্বান জানান। মির্জা আলমগীর বলেন, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ এমনকি গ্রামের ভিজিডি-ভিজিএফ, টেস্ট রিলিফও দলীয়করণ করে ফেলেছে এই সরকার। ডাক্তার, সেনাবাহিনীতেও দেখা হয় কার বাবা বিএনপি করে, কার বাবা আওয়ামী লীগ করে। ছাত্রলীগের সার্টিফিকেট না থাকলে প্রথম শ্রেণীতে প্রথম হলেও চাকরি পাওয়া যায় না। পাবলিক সার্ভিস কমিশনেও এই অবস্থা। গ্রাম পর্যায় পর্যন্ত গোয়েন্দা সংস্থা খোঁজ নিয়ে তারপর নিয়োগ দেয়। এভাবে জোর করে কোনো দিন ক্ষমতা চিরস্থায়ী করা যায় না।স্বেচ্ছাসেবক দলের মহানগর উত্তরের আহ্বায়ক ইয়াসিন আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন বিএনপির মহানগর শাখার সদস্যসচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী প্রমুখ।প্রচারের অনুমতি পায়নি বিএনপি: সরকার চারদলীয় জোটের ২৭ সেপ্টেম্বরের সমাবেশের প্রচারে অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি।গতকাল বিকেলে দলের বিক্ষোভ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পল্টন ময়দানে জনসভার অনুমতি দেয়নি। এখন আমরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করব। সেই সমাবেশের প্রচারণায় মাইকিং করতে অনুমতি চেয়েছি। তা-ও দেওয়া হচ্ছে না।’নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২৭ সেপ্টেম্বর বিকেল তিনটায় সমাবেশ থেকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সরকারবিরোধী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।মির্জা ফখরুল অভিযোগ করেন, ঢাকা মহানগর পুলিশ বিএনপিকে মাইকিং করার অনুমতি দিচ্ছে না। অথচ মিরপুর গোলচত্বরে যুবলীগের জনসভার জন্য শনিবার দিনভর মাইকিং হয়েছে। এক দেশে দুই নীতি চলছে। তিনি নগরবাসীকে সমাবেশ সফল করার আহ্বান জানান।