প্রধানমন্ত্রী দেশকে অন্ধকার সুড়ঙ্গের দিকে নিয়ে যাচ্ছেন: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনো ধরনের সংঘাত চায় না; শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতেই সরকার পরিবর্তন চায়। কিন্তু প্রধানমন্ত্রী দেশকে অন্ধকার সুড়ঙ্গের দিকে নিয়ে যাচ্ছেন।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘নব্বইয়ের ছাত্র নেতৃবৃন্দ’র ব্যানারে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে এবং আগামী নির্বাচনে যাতে তাঁরা অংশ নিতে না পারেন, এ জন্য একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে।আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, তারা মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু কাজে আসলে উল্টো। তারা ক্ষমতায় গিয়ে জনগণের সঙ্গে ধাপ্পাবাজি করছে। তিনি বলেন, নির্বাচনের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠাসহ যেসব প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তার কোনোটিই তারা পূরণ করেনি।সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের পদত্যাগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘গাধা পানি খায় পানি ঘোলা করে। আবুল হোসেন ঠিকই পদত্যাগ করলেন, কিন্তু নয় মাস পর।’ তিনি বলেন, পদ্মা সেতুর বিষয়ে সরকার নাটক করেছে। প্রথমে বিশ্বব্যাংকের বিরুদ্ধে বিষোদ্গার করলেও এখন আবার বিশ্বব্যাংকেরই দ্বারস্থ হচ্ছে।নুহাশপল্লীতে ‘স্মৃতি সংরক্ষণ কেন্দ্র’ করার দাবি: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতি সংরক্ষণে নুহাশপল্লীতে ‘জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক কেন্দ্র’ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।গতকাল স্বাধীনতা ফোরামের উদ্যোগে হুমায়ূন আহমেদ স্মরণে এক সভায় খন্দকার মোশাররফ বলেন, ‘হুমায়ুন আহমেদ কোনো রাজনৈতিক মতাদর্শের লেখক ছিলেন না। তিনি দেশের মানুষের লেখক ছিলেন। এ জন্য তাঁর স্মৃতিকে জাগ্রত করে রাখতে নুহাশপল্লীতে একটি জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব করছি।’ এ রকম একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের উদ্যোগী হওয়ারও আহ্বান জানান তিনি।নেত্রকোনা বিএনপি: আশরাফ উদ্দিন খানকে সভাপতি ও আবু তাহের তালুকদারকে সাধারণ সম্পাদক করে নেত্রকোনা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। গতকাল বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।