প্রধানমন্ত্রী দেশকে রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে দেশকে রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। তাঁরা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বানও জানান।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল সোমবার অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতারা এসব কথা বলেন। গত রোববারের হরতালে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, নির্যাতন, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালিত হয়। আজ মঙ্গলবার জেলা ও উপজেলায় একই কর্মসূচি পালিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মতো একটি মীমাংসিত বিষয়ে অহেতুক হস্তক্ষেপ করে প্রধানমন্ত্রী দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন। অথচ তাঁর উচিত ছিল দেশের সমস্যা সমাধান করে জনগণকে স্বস্তি দেওয়া। মোশাররফ হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিলসংক্রান্ত রায় দেওয়ার পর অবসরে যাওয়ার দুদিন আগে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সামনেই মন্তব্য করেছেন, হাত-পা বেঁধে সাঁতার কাটতে বললে সাঁতার কাটা যায় না। সুতরাং তিনি হাত-পা বাঁধা অবস্থায় যে রায় দিয়েছেন, তা জনগণ মানতে বাধ্য নয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী নিশ্চিত হয়ে গেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বৈতরণী পার হওয়া যাবে না। তাঁদের জামানত বাজেয়াপ্ত হবে। তাই নতুন ফন্দি এঁটেছেন, যে করেই হোক নিজেদের অধীনে নির্বাচন করে ক্ষমতায় যেতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী রায়ের দোহাই দিয়ে বলছেন, তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। তা-ই যদি হয়, তবে এই সরকারও তো অবৈধ। মহানগর বিএনপির সদস্য-সচিব আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশে স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান প্রমুখ বক্তব্য দেন।