
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তরুণ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন মায়ের স্নেহ নিয়ে দেশের জন্য কাজ করছেন, তেমনি তোমরাও গ্রামে গিয়ে গরিব মানুষের সেবা করবে।
আজ বুধবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে ৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসক ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে সরকারি চাকরিতে যোগদান অনুষ্ঠানে এ আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
মোহাম্মদ নাসিম বলেন, ‘মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অঙ্গীকার করেছিলেন, তা পূরণের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা মানুষের সেবা দিতে চাই। আমরা চাই, প্রতিটি গ্রামের মানুষ সঠিকভাবে যেন স্বাস্থ্যসেবা পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন মায়ের স্নেহ নিয়ে দেশের জন্য কাজ করছেন, তেমনি তোমরা গ্রামে গিয়ে গরিব মানুষের সেবা করবে।’ চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তোমরা গ্রামে গিয়ে ভালোভাবে কাজ করবে। কোনোভাবেই যাতে গ্রামের মানুষের সেবা ব্যাহত না হয়। তোমরা সঠিকভাবে জনগণকে সেবা দেবে।’ নাসিম আরও বলেন, যাঁদের যে স্থানে পদায়ন করা হবে, আগামী দুই বছর বাধ্যতামূলক তাঁদের সেই স্থানে থেকে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দিতে হবে। দুই বছরের আগেই নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকেরা নিজ কর্মস্থল থেকে বদলি হতে পারবেন না। দুই বছর পরে আপনাদের ভালো স্থানে পদায়ন করা হবে। প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলেও জানান তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, ‘যোগদান করা নতুন চিকিৎসকদের জীবনবৃত্তান্ত দেখে নিজ জেলা-উপজেলা পদায়ন দেওয়া এবং যদি কোনো স্বামী ও স্ত্রী দুজনই চিকিৎসক হন, তাঁদের দুজনকেও এক জায়গায় পদায়নের ব্যবস্থা করেছি। তাই সবাইকে বাধ্যতামূলক যোগদান করা স্থানে দুই বছর থেকে জনগণকে স্বাস্থ্যসেবা দিতে হবে।’
স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক চিকিৎসক দীন মো. নূরুল হক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) বাসুদেব গাঙ্গুলী, বিএমএ সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ইকবাল আর্সনাল, স্বাচিপের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আজিজ প্রমুখ বক্তব্য দেন।