প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন
ভুটানের থিম্পুতে সার্ক সম্মেলনে যোগদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহন করা ভুটানের ড্রাক এয়ারলাইনসের একটি বিমান দুপুর ১২টা ৫০ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। খবর ইউএনবির।এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধানেরা প্রমুখ।এর আগে দুপুর ১২টা ১০ মিনিটে পারো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান ভুটানের প্রধানমন্ত্রী জিগমে ওয়াই থিনলে। থিম্পু থেকে পারো বিমানবন্দরে আসার সময় সড়কের দুই পাশে হাজারো শিশু বাংলাদেশের পতাকা নেড়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানায়।