প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার রাত পৌনে আটটার দিকে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দেশে ফিরেছেন। খবর বাসসের।হজরত শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তিন বাহিনীর প্রধানসহ কূটনৈতিক কোরের ডিন ও উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা। গণতন্ত্র ও নারীর ক্ষমতায়নে অবদান রাখায় প্রধানমন্ত্রীকে দেওয়া প্যারিসের ডুফিঁ ইউনিভার্সিটির স্বর্ণপদক গ্রহণ ও ইউনেস্কো আয়োজিত এক উচ্চপর্যায়ের আলোচনা সভায় মূল আলোচক হিসেবে ভাষণ দিতে তিনি ২৫ মে ফ্রান্সের রাজধানী প্যারিস যান। প্যারিসে প্রধানমন্ত্রী ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। প্যারিসে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর সম্মানে এক গণসংবর্ধনার আয়োজন করেন। এর আগে প্রধানমন্ত্রী ১৫ মে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১৬তম বিশ্ব আবহাওয়া সম্মেলন ও ৬৪তম বিশ্বস্বাস্থ্য সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সুইজারল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী ব্যক্তিগত সফরে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের জন্য কানাডায় যান।