প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য যোগদান শেষে আজ বুধবার বিকেলে দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও প্রেস সচিব ইহসানুল করিম ছিলেন। খবর বাসসের।
শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে যান। দিল্লি পৌঁছে সরাসরি রাষ্ট্রপতি ভবনে গিয়ে সমবেদনা জানান রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে। রাষ্ট্রপতি ভবন থেকে প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জির বাড়িতে যান প্রধানমন্ত্রী। ১৩ তাল কাটরা রোডের ওই বাড়িতেই শুভ্রা মুখার্জির মরদেহ ছিল। পরে লোদি রোড ক্রিমেটোরিয়ামে আয়োজিত শেষকৃত্যে অংশ নেন তিনি। শেষকৃত্যের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সরকারি বাসভবনে বৈঠক করেন শেখ হাসিনা।
স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ৮টা ২০ মিনিট) ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।