প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে আজ রোববার সকালে দেশে ফিরেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনস ভিভিআইপি ফ্লাইটটি (বিজি-২১০৯) আজ সকাল ৭টা ২৪ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে প্রধানমন্ত্রী গত ৩১ অক্টোবর গ্লাসগো পৌঁছান। গ্লাসগোতে তিনি কপ ২৬ শীর্ষ সম্মেলন ও অন্যান্য অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী জলবায়ুবিষয়ক কপ ২৬ শীর্ষ সম্মেলন ও উচ্চপর্যায়ের বৈঠকে যোগদান শেষে ৩ নভেম্বর গ্লাসগো থেকে লন্ডন পৌঁছান।

শেখ হাসিনা গ্লাসগো ও লন্ডনে তাঁর সরকারি সফর শেষে ৯ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছান।

প্যারিসে পৌঁছার পর শেখ হাসিনা এলিসি প্যালেসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবনে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

প্রধানমন্ত্রী ইউনেসকো সদর দপ্তরে ‘ইউনেসকো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন।

১৩ নভেম্বর ফ্রান্স থেকে দেশের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।