প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন
মরক্কোয় তিন দিনের সরকারি সফর শেষে গতকাল বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সেখানে অনুষ্ঠিত বৈশ্বিক জাতিসংঘ জলবায়ু সংক্রান্ত (কপ-২২) শীর্ষ সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট গতকাল সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মরক্কোর সাবেক রাজকীয় নগরী মারাক্কেশে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী কপ-২২-এর উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশসহ ৮০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান এবং ১১৫টি দেশের মন্ত্রীরা অংশ নেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে ১৫ নভেম্বর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
শেখ হাসিনা কপ-২২-এর সম্মেলনের উদ্বোধনী দিনে তাঁর ভাষণে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপ উল্লেখ করেন। তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন সমস্যা সমাধানে বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানান।
অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের দেওয়া মধ্যাহ্নভোজসভায় যোগ দেন।