প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় গত রোববার শ্রীলঙ্কায় ভয়াবহ হামলায় নাতি জায়ান চৌধুরীর অকাল মৃত্যুতে শেখ ফজলুল করিম সেলিমকে সান্ত্বনা দেন তিনি। ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় গত রোববার শ্রীলঙ্কায় ভয়াবহ হামলায় নাতি জায়ান চৌধুরীর অকাল মৃত্যুতে শেখ ফজলুল করিম সেলিমকে সান্ত্বনা দেন তিনি। ছবি: পিআইডি

ব্রুনেই দারুসসালামে তিন দিনের সরকারি সফর শেষে রাজধানী বন্দর সেরি বেগাওয়ান থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফর করেন।

এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে উড়োজাহাজটি স্থানীয় সময় ৫টা ১৫ মিনিটে বন্দর সেরি বেগাওয়ানের ব্রুনেই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ব্রুনেইয়ের প্রাথমিক সম্পদ ও পর্যটনবিষয়ক মন্ত্রী দাতো সেরি সেথিয়া আওয়াঙ্গ হাজি আলী বিন হাজি আপং এবং ব্রুনেইয়ে বাংলাদেশের হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হুসেইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী ২১ এপ্রিল তিন দিনের সরকারি সফরে ব্রুনেইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানে পৌঁছান। সফরে তিনি ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনাসহ সুলতান ও রাজপরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশ-ব্রুনেই বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দেন।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনেইয়ের রাজধানীতে কূটনৈতিক এলাকা জালান কেবানজাসানে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি রয়েল রিগালিয়া মিউজিয়াম পরিদর্শন করেন।

গতকাল সোমবার ব্রুনেইয়ের সুলতানের সরকারি বাসভবন নুরুল ইমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে কৃষি, মৎস্য, পশুসম্পদ, ক্রীড়া ও সংস্কৃতি এবং এলএনজি সরবরাহ-সংক্রান্ত সাতটি চুক্তি স্বাক্ষরিত হয়। সাতটি চুক্তির মধ্যে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) ও একটি বিনিময় নোট। এগুলো হচ্ছে—কৃষি ক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক, মৎস্য ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, পশুসম্পদ ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, সাংস্কৃতিক ও শিল্প সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, এলএনজি সরবরাহে সহযোগিতার ক্ষেত্র সম্পর্কিত সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসার ছাড়সংক্রান্ত বিনিময় নোট।

বৈঠকে প্রধানমন্ত্রী দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য পাঁচটি দেশের সমন্বয়ে আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন। ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার সময় রোহিঙ্গা সংকটের ন্যায়সংগত ও স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন।

আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, প্রস্তাবিত আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম দক্ষিণ-পূর্ব এশিয়া কো-অপারেশন অর্গানাইজেশনের (সিয়াকো) সদস্য হবে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ ও মালদ্বীপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই।

এ ছাড়া গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ-ব্রুনেই বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যেও তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।