প্রধানমন্ত্রী দেশেফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডে দুই দিনের সরকারি সফর শেষে গতকাল মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন। দ্বিতীয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলনে যোগ দিতে তিনি গত রোববার থাইল্যান্ডের চিয়াংমাইতে যান। খবর বাসস ও ইউএবির।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান গতকাল সকাল ১০টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী গত সোমবার চিয়াংমাই শহরে দুই দিনব্যাপী অনুষ্ঠিত পানি সম্মেলনের উদ্বোধন অধিবেশনে ভাষণ দেন। এর আগে তিনি সম্মেলনের ওয়ার্কিং ব্রেকফাস্টে অংশ নেন। সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ ছাড়া তিনি দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী জুং হং উন, জর্জিয়ার প্রেসিডেন্ট মিকেইল সাকাশভিলি ও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ভুক জেরেমিকের সঙ্গেও সাক্ষাৎ করেন। ওকলাহোমায় টর্নেডোতে প্রাণহানিতে শোক: যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় শক্তিশালী টর্নেডোয় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

গতকাল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘ওকলাহোমা সিটির শহরতলিতে সোমবারের শক্তিশালী টর্নেডোয় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে বাংলাদেশ সরকার ও জনগণ গভীরভাবে শোকাহত।’ প্রধানমন্ত্রী নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।