প্রধানমন্ত্রী দ্বিতীয় মহানন্দা সেতু উদ্বোধন করবেন আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার সাত ইউনিয়নের পাঁচ লাখ মানুষের বহুপ্রতীক্ষিত দ্বিতীয় মহানন্দা সেতু কাল শনিবার চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতু উদ্বোধন করবেন। পরে প্রধানমন্ত্রী বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। খবর বাসসের।
আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে ২০১১ সালের ২৩ এপ্রিল এই সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুটি ৫৪৬ দশমিক ৬০ মিটার দীর্ঘ এবং প্রস্থ ৮ দশমিক ১০ মিটার। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাহেবের ঘাট এলাকায় ৪৯ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে সেতুর সঙ্গে ২ হাজার ৪০০ মিটারের একটি সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এ প্রকল্প বাস্তবায়নে নাভানা কন্সট্রাকশন লিমিটেড সেতুটি নির্মাণ করে। এ ছাড়া প্রধান সেতু থেকে সংযোগ সড়কে দুটি ছোট সেতু রয়েছে।
সেতু উদ্বোধনের পর সদর উপজেলার ইসলামপুর, দেবীনগর, চরবাগডাঙ্গা, শাহজাহানপুর, অলাতলী, নারায়ণপুর ও সুন্দরপুর এই সাত ইউনিয়নের প্রায় পাঁচ লাখ মানুষ উপকৃত হবে।
সেতু ছাড়াও প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলায় ১০ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত যুব প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করবেন।
চাঁপাইনবাবগঞ্জ যুব প্রশিক্ষণকেন্দ্র সূত্রে জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বেকার যুবকদের আত্মনির্ভরশীল করতে দুই একর জমির ওপর এ ভবন নির্মাণ করেছে। সাততলাবিশিষ্ট এ ভবনে প্রশাসনিক ভবন, প্রশিক্ষণার্থীদের জন্য আবাসিক হোস্টেল ও স্টাফদের জন্য ডরমিটরি নির্মাণ করা হয়েছে।
যুব প্রশিক্ষণকেন্দ্রে গবাদিপশু, হাঁস-মুরগি পালন ও এর প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ, কৃষি, কম্পিউটার, বৈদ্যুতিক ওয়্যারিং, ইলেকট্রনিক, আধুনিক অফিস ব্যবস্থাপনা, সেলাই, টাইপ ও অন্যান্য কোর্সের প্রশিক্ষণ দেওয়া হবে।
এ ছাড়া শেখ হাসিনা স্বরূপনগরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের নবনির্মিত একাডেমিক ভবন, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ শহরে বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচারের (বিনা) উপকেন্দ্র এবং গোমস্তাপুরে উপজেলা ফায়ার স্টেশন উদ্বোধন করবেন।