প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগ দিতে আজ শনিবার সকালে নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন। ১০ দিনের এই সফরে তিনি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় একাধিক বৈঠকে অংশ নেবেন।গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী আজ সকালে বাংলাদেশ বিমানযোগে ব্রাসেলস যাবেন। সেখান থেকে তিনি বিদেশি একটি এয়ারলাইন্সের বিমানে নিউইয়র্ক রওনা হবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল রয়েছে। তাঁদের মধ্যে আছেন ডেপুটি স্পিকার, কয়েকজন মন্ত্রী-উপদেষ্টা, ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি।প্রধানমন্ত্রী আগামীকাল রোববার নিউইয়র্ক পৌঁছাবেন এবং একই দিন সন্ধ্যায় তিনি জলবায়ুর ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য বাংলাদেশ ও মালদ্বীপের যৌথ উদ্যোগে আয়োজিত এক নৈশভোজে অংশ নেবেন। আগামী সোমবার সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) সম্পর্কিত এক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেবেন শেখ হাসিনা। সে দিন দারিদ্র্য, ক্ষুধা ও লিঙ্গ-সমতার চ্যালেঞ্জ মোকাবিলা শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এমডিজি বিষয়ে ছয়টি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। একটি অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সভাপতিত্ব করার কথা রয়েছে।শেখ হাসিনা আগামী ২১ সেপ্টেম্বর এমডিজি বিষয়ে স্বল্পোন্নত দেশগুলোর প্রধানদের প্রাতরাশ বৈঠকে যোগ দেবেন। এই অধিবেশনে সভাপতিত্ব করবে নেপাল।এর আগে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দ্বিতীয়বারের মতো বাংলায় ভাষণ দেবেন। ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় প্রথম ভাষণ দিয়েছিলেন। বাসস।