প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে যোগ দিতে আজ শনিবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। খবর বাসসের।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীরা রাত সাড়ে নয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। নিউইয়র্কের পথে তাঁরা দুবাইতে প্রায় আট ঘণ্টা যাত্রাবিরতি করবেন।সরকারি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে ১১ দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও জাতিসংঘের মহাসচিব আয়োজিত সন্ত্রাস দমন, সংক্রামক ব্যাধি, নারীর ক্ষমতায়ন ও খাদ্যনিরাপত্তাবিষয়ক সম্মেলনে যোগ দেবেন।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম এ করিম, পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস ও প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছেন।যুক্তরাষ্ট্রে ব্যবসা-বাণিজ্যের নতুন ক্ষেত্র অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলও প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবে।প্রধানমন্ত্রীর ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা। এ ছাড়া ২১ সেপ্টেম্বর সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শেখ হাসিনা মেডিকেল চেকআপ করাবেন। তিনি ২৮ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।