প্রধানমন্ত্রী নির্বাচনকে ভয় পান: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে চারুকলা ইনস্টিটিউট মাঠে কর্মী সমাবেশে বক্তব্য দিচ্ছেন মওদুদ আহমদ। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
নারায়ণগঞ্জে চারুকলা ইনস্টিটিউট মাঠে কর্মী সমাবেশে বক্তব্য দিচ্ছেন মওদুদ আহমদ। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, নিরপেক্ষ নির্বাচন হলে এই সরকার আর কখনোই জয়লাভ করতে পারবে না। তাই প্রধানমন্ত্রী নির্বাচনকে ভয় পান।
আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের দেওভোগে চারুকলা ইনস্টিটিউট মাঠে জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।
মওদুদ বলেন, পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনেই প্রমাণিত হয়েছে, দেশের মানুষ পরিবর্তন চায়। সরকারের প্রতি তাদের রাগ-দুঃখ আর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে সিটি করপোরেশন নির্বাচনে। ওই নির্বাচনে দেশের মানুষ পরিবর্তনের জন্য বিএনপির প্রার্থীদের জয়ী করেছিল। জনগণের এ রায়ের পর এ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। পঞ্চদশ সংশোধনী বাতিল করে নির্দলীয় সরকারব্যবস্থা বিলুপ্ত করে সরকার দেশে সংকট সৃষ্টি করেছে বলে দাবি করেন মওদুদ আহমদ। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন দলীয় কমিশনে পরিণত হয়েছে। তারা এ সরকারের দলীয় এজেন্ট, নখ-দন্তহীন একটি প্রতিষ্ঠান। তা না হলে প্রধানমন্ত্রী সরকারি খরচে যে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন, নিরপেক্ষ হলে এই নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিত। বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপিকে দ্বিখণ্ডিত করার চেষ্টার অভিযোগ এনে তিনি নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি জানান।

মওদুদ বলেন, আগামী দিনের নির্বাচন হবে দেশের গণতন্ত্রের পক্ষের শক্তির সঙ্গে গণতন্ত্রের বিপক্ষের শক্তির। আর তা হবে ব্যালটের মাধ্যমে।
বিএনপির এই নেতা আরও বলেন, সরকার ২৪ অক্টোবর থেকে ২০১৪ সালের ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে চেয়েছিল। কিন্তু এখন তারা আরও কিছুদিন ক্ষমতায় থাকতে চায়।
পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে মওদুদ আহমদ বলেন, ‘এই সরকারের দুর্নীতি এখন আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে ঠেকেছে। বিশ্বব্যাংক পদ্মা সেতু ইস্যুতে এ সরকারকে দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করেছে। সেই দিনই তাদের পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু তারা বেহায়া বলে পদত্যাগ করেনি।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করে মওদুদ আহমদ বলেন, গত এক সপ্তাহে ঢাকায় গড়ে প্রতিদিন তিন থেকে চারটি করে খুন হয়েছে। এর মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। সরকারের সন্ত্রাসী বাহিনী সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কেড়ে নিয়েছে। সরকার নির্বিকার। পুলিশ কিছু করতে পারছে না। কারণ, সরকার পুলিশকে বিরোধী দলের নেতা-কর্মীদের দমনে কাজে লাগিয়েছে; সন্ত্রাসীদের দমনে নয়।
জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামানসহ অনেকে।