প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন: মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে গতকাল ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ষ ছবি: প্রথম আলো
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে গতকাল ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ষ ছবি: প্রথম আলো

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে বিভিন্ন জায়গায় জনসভা করে নৌকা মার্কায় ভোট চেয়ে নির্বাচনী বিধিবিধান লঙ্ঘন করছেন। গতকাল রোববার বিএনপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।মির্জা ফখরুল দাবি করেন, প্রধানমন্ত্রী এখনো সরকারি দায়িত্বে রয়েছেন। সরকারি টাকায় বিভিন্ন স্থানে সফর করে তিনি ভোট চাইছেন, যা সুস্পষ্ট নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।নির্বাচনের সময় নিয়ে গত শুক্রবার রাতে আইনমন্ত্রীর বাসভবনে আওয়ামী লীগ ও সরকারের জ্যেষ্ঠ নীতিনির্ধারকদের কয়েকজনের বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার চক্রান্ত শুরু করেছে। তারা সংবিধানে অনেক অস্পষ্টতা রেখেছে। সে অস্পষ্টতার মধ্য দিয়ে তারা ক্ষমতাকে আরও দীর্ঘ করতে চায়। কিন্তু জনগণ এই অপচেষ্টা প্রতিহত করবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করা হয়। ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল থেকে দিনভর দলের প্রতিষ্ঠাতা জিয়ার কবরে নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১১টায় বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি সেখানে দোয়া মাহফিলে অংশ নেন। এর পরই সর্বস্তরের নেতা-কর্মীরা সেখানে হাজির হন।

খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল্লাহ আল নোমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি গত শনিবার থেকে কর্মসূচি পালন শুরু করেছে।