প্রধানমন্ত্রী নোবেল না পাওয়ায় ড. ইউনূসকে নিয়ে গাত্রদাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারের আশা করেও তা পাননি। তাই ড. ইউনূস কেন নোবেল পুরস্কার পেলেন, এটাই এখন প্রধানমন্ত্রীর গাত্রদাহের কারণ। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এ কথা বলেন।ড. ইউনূসকে অসম্মান করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বক্তৃতার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘একজন মানুষ দারিদ্র্য বিমোচন করার জন্য কাজ করেন। বিদেশে তিনি আমাদের মুখ উজ্জ্বল করেছেন। সেই ড. ইউনূসকে পর্যন্ত তাঁরা সহ্য করতে পারছেন না। তাই নোবেল শান্তি পুরস্কার নিয়ে ব্যঙ্গ করছেন। কারণ তাঁরা শান্তি পুরস্কার পেতে বহু চেষ্টা করেছেন, বিদেশে বহু টাকা-পয়সা খরচ করেছিলেন। কিন্তু পাননি। তাঁদের দুঃখ সেখানেই।’ তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল তো প্রকাশ্যেই বলেছেন, শান্তি পুরস্কার পাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সন্তু লারমার।’সরকারের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আপনারা যাঁকে আদর করে এনেছিলেন সেই হিলারিই বলেছেন সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন দেখতে চান তাঁরা। এমনকি ভারতের প্রণব দাদাও বলে গেছেন, তাঁরা কোনো দলের পক্ষে নন, বাংলাদেশের সব জনগণের পক্ষে আছেন। এখন এই সরকারের পায়ের নিচে মাটি নেই। তাই মামলা দিয়ে আন্দোলন দমন করতে চায়।’ তিনি বলেন, ‘গোটা দেশের মানুষ এখন ফুঁসে উঠেছে। তারা আন্দোলনের জন্য প্রস্তুত। তাই সরকারকে বলব, এখনো সময় আছে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনুন। কোনো আন্দোলন হবে না।’নিখোঁজ বিএনপির নেতা ইলিয়াস আলীর সন্ধানসহ দলের নেতাদের বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ইলিয়াসকে উদ্ধারে আশ্বাস দিয়েছেন। কিন্তু ২৩ দিন হলো ইলিয়াসকে পাওয়া যায়নি। সরকারই ইলিয়াস আলীকে তুলে নিয়ে গুম করে রেখেছে। শুধু ইলিয়াসই নন, সরকারের গত তিন বছরে ১২৭ জনকে গুম করা হয়েছে। এর মধ্যে রাজনৈতিক নেতা-কর্মীই বেশি। প্রতিদিন হত্যা, গুম হচ্ছে। গার্মেন্টস কর্মী আমিনুল ইসলামকে অপহরণ করে হত্যা করা হয়েছে। সাগর-রুনির হত্যার কোনো কুলকিনারা করতে পারেনি। ইউরোপিয়ান ইউনিয়ন ও জাপানসহ বাংলাদেশে বিনিয়োগকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন। বিদেশিরা এ দেশে বিনিয়োগ করতে চাচ্ছেন না। মহিলা দলের সভাপতি নূরী আরার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, মহানগর সভাপতি সুলতানা আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ বক্তব্য দেন।