প্রধানমন্ত্রী নোয়াখালী যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার নোয়াখালী সফরে আসছেন। সফরকালে তিনি জেলায় ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া তিনি একটি জনসভায় ভাষণ দেবেন।বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি প্রথম নোয়াখালী সফর। এর আগে তিনি ২০০০ সালের ২৩ জানুয়ারি সর্বশেষ নোয়াখালী আসেন। প্রধানমন্ত্রীর সফরের কারণে জেলার লোকজনের মধ্যে উৎসবের আমেজ বইছে।প্রধানমন্ত্রীর জনসভা হবে জেলা সদরের মাইজদী হাউজিং এস্টেট মাঠে। বেলা আড়াইটায় তিনি সেখানে ভাষণ দেবেন। জনসভায় যোগ দিতে গতকাল বিকেল থেকেই জেলার দ্বীপ উপজেলা হাতিয়াসহ প্রত্যন্ত এলাকার লোকজন জেলা শহরে আসতে শুরু করেছে।জেলা আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর কাছে পেশ করার জন্য জেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দাবিসহ ১২ দফা দাবি তৈরি করে রেখেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেন, ‘দীর্ঘ প্রায় এক যুগ পর প্রধানমন্ত্রী নোয়াখালী সফর করছেন। তাঁকে স্বাগত জানাতে দলমত-নির্বিশেষে নোয়াখালীবাসী প্রস্তুত।’ সফরকালে প্রধানমন্ত্রী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দলপুর গ্যাসক্ষেত্র, কবিরহাট ও সোনাইমুড়ী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, নোয়াখালী মেডিকেল কলেজের একাডেমিক ভবন, সোনাইমুড়ী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ তলা একাডেমিক ভবন ও মুছাপুর ক্লোজার নির্মাণকাজের উদ্বোধন করবেন; আর নোয়াখালী পৌরসভার নতুন ভবন, সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও চাটখিল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।