আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, পিলখানায় বিদ্রোহ চলাকালে প্রধানমন্ত্রী সময়োচিত পদক্ষেপ নেওয়ায় ‘বড় ধরনের গণহত্যা’ থেকে রেহাই পাওয়া গেছে। গতকাল বুধবার পিলখানা হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। খবর বাসসের।ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী মহানগর দায়রা জজ আদালতে কামরুল ইসলাম এই সাক্ষ্য দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সময়োচিত পদক্ষেপ না নিলে হতাহত ব্যক্তিদের সংখ্যা আরও বাড়তে পারত।২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ২৫ ফেব্রুয়ারি রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদের সঙ্গে পিলখানায় যান কামরুল ইসলাম। তাঁরা বিদ্রোহীদের সঙ্গে সমঝোতায় পৌঁছার চেষ্টা করেন।আইন প্রতিমন্ত্রী বলেন, ‘ওই রাতে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণের কথা বলে আমাদের যে পিলখানার ভেতরে নিয়েছিল—তা ছিল তাদের সাজানো নাটক।’কামরুল সাক্ষ্যে বলেন, পিলখানা থেকে ২৬ ফেব্রুয়ারি ভোর চারটার দিকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তাঁরা পিলখানার সার্বিক অবস্থা প্রধানমন্ত্রীকে জানান। ২৬ ফেব্রুয়ারি দুপুরে শর্ত সাপেক্ষে প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছিলেন।সাক্ষ্য দেওয়ার পর প্রতিমন্ত্রীকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন।এর আগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হুইপ মির্জা আজম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বর্তমানে মরক্কোর রাষ্ট্রদূত নূর মোহাম্মদ, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ ও বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমানেরও সাক্ষ্য নেওয়া হয়।পিলখানা হত্যা মামলায় সাবেক সাংসদ ও বিএনপির নেতা নাসির উদ্দীন আহম্মেদসহ ৮৫০ জনকে আসামি করা হয়। অভিযোগপত্র দাখিলের আগে তিনজন আসামি মারা যান। বর্তমানে অভিযোগপত্রভুক্ত ৮৪৭ জনের মধ্যে ২০ জন পলাতক। আদালতে গতকাল ৮২৭ জন আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।