প্রধানমন্ত্রী পাকিস্তান যাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তান যাচ্ছেন না। ২২ নভেম্বর ইসলামাবাদে উন্নয়নশীল আট দেশের জোটের শীর্ষস্থানীয় নেতাদের ওই বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোর কাছে প্রধানমন্ত্রীর পাকিস্তান সফর বাতিলের খবরটি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি। ডি-৮ বৈঠকে যোগ দিতে ২১ থেকে ২৩ নভেম্বর শেখ হাসিনার ইসলামাবাদ সফরের কথা ছিল। ৯ নভেম্বর ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। হিনা খারের সফরের সময় একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমাপ্রার্থনার দাবিটি আবারও তোলে বাংলাদেশ। তবে এর জবাবে ‘অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার’ পাকিস্তানের পুরোনো নীতি পুনর্ব্যক্ত করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমান সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অনেকটা আনুষ্ঠানিকতার মধ্যেই সীমিত রয়েছে। গত চার বছরে শুধু বাংলাদেশের শিক্ষা ও বাণিজ্যমন্ত্রী ইসলামাবাদ সফর করেছেন। এ ছাড়া সম্প্রতি পাকিস্তান সফরে যান জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। ২০১০ সালে ইসলামাবাদে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হয়। তবে আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে পাকিস্তান সফর করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৯ সালে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা সৃষ্টির পরিপ্রেক্ষিতে তিনি ওই দুই দেশ সফর করেন।