প্রধানমন্ত্রী পীরগঞ্জ যাচ্ছেন ৩১ জুলাই
সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের সাড়ে চার বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ জুলাই রংপুরের পীরগঞ্জ সফরে আসছেন। ওই দিন তিনি পীরগঞ্জের কাঁচদহঘাটে করতোয়া নদীর ওপর ওয়াজেদ মিয়া সেতুর উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর পীরগঞ্জ সফর সফল করতে গত বুধবার সকালে রংপুর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভা এবং বিকেলে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা হয়।
জানা গেছে, ১৯৯৯ সালের ১৩ মে তৎকালীন যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন কাঁচদহ করতোয়া নামে ওই সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এ সেতুর পাঁচটি পিলার নির্মাণ হওয়ার পর সরকার পরিবর্তনের কারণে কাজ বন্ধ হয়ে যায়। ২০১১ সালের ২০ মার্চ পুনরায় সেতুর কাজের উদ্বোধন করেন সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন। ওই সময় এর নাম প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী এম এ ওয়াজেদ মিয়ার নামে করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী এখানে এসে পীরগঞ্জ উপজেলা প্রশাসনিক ভবন, মেরিন একাডেমির ভিত্তিপ্রস্তর, পৌরসভার নামফলক, চককরিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াজেদ মিয়া ভবনের উদ্বোধন করবেন।