প্রধানমন্ত্রী প্যারিস পৌঁছাবেন আজ
প্যারিসের ডুফিঁ ইউনিভার্সিটির দেওয়া স্বর্ণপদক গ্রহণ এবং ‘গ্লোবাল পার্টনারশিপ প্রোগ্রাম অন গার্লস অ্যান্ড উইমেন্স এডুকেশন’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ প্যারিস পৌঁছার কথা। গতকাল মঙ্গলবার বিকেলে (স্থানীয় সময়) তিনি প্যারিসের উদ্দেশে কানাডার টরন্টো ত্যাগ করেন। খবর বাসসের।ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী আজ বুধবার সকালে প্যারিস পৌঁছাবেন। তিনি আজ প্যারিসের ডুফিঁ ইউনিভার্সিটিতে পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। গণতন্ত্র সুসংহতকরণ এবং নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ডুফিঁ ইউনিভার্সিটি তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বর্ণপদক দেবে। একই দিনে প্যারিসে হোটেল ইন্টারকন্টিনেন্টালে কমিউনিটি সংবর্ধনায় যোগদানেরও কথা রয়েছে প্রধানমন্ত্রীর ।প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার ‘গ্লোবাল পার্টনারশিপ প্রোগ্রাম অন গার্লস অ্যান্ড উইমেন্স এডুকেশন’ সম্মেলনের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য রাখবেন। প্যারিসে অবস্থানকালে তিনি জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বকোভার সঙ্গেও বৈঠক করবেন। তিনি ইউনেস্কো সদর দপ্তরে আফ্রিকান প্রদর্শনী এবং ইউনেস্কো মহাপরিচালকের দেওয়া এক সংবর্ধনায় যোগ দেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার রাতে ঢাকার উদ্দেশে প্যারিস ত্যাগ করবেন।প্রধানমন্ত্রী ১৬তম বিশ্ব আবহাওয়া কংগ্রেস এবং ৬৪তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে ১৫ মে সুইজারল্যান্ডের জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১৮ মে জেনেভা থেকে কানাডার টরন্টোর উদ্দেশে রওয়ানা হন।