প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি রাখেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ২০০৬ সালে ফুলবাড়ীতে খনিবিরোধী আন্দোলনের সময় তৎকালীন চারদলীয় জোট সরকার ফুলবাড়ীবাসীর সঙ্গে ছয় দফা চুক্তি করে। এরপর তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা ফুলবাড়ীতে এক জনসভায় প্রতিশ্রুতি দেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে এই চুক্তি বাস্তবায়ন করা হবে। কিন্তু তিনি তাঁর প্রতিশ্রুতি রাখেননি।

ফুলবাড়ী ট্র্যাজেডির দশম বর্ষপূর্তি উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীর নিমতলা মোড়ে গতকাল শুক্রবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আনু মুহাম্মদ এসব কথা বলেন।

কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে জ্বালানি বিশেষজ্ঞ প্রকৌশলী বি ডি রহমতুল্লাহ্ বলেন, ‘দেশের সম্পদ রক্ষায় ফুলবাড়ী আন্দোলন একটি প্রেরণার নাম। বিদ্যুৎ দরকার। কিন্তু কয়লা ব্যবহারই একমাত্র উপায় নয়। পানি, সৌরশক্তি, গ্যাস, বায়োগ্যাসসহ নানা উৎস ব্যবহার করে বছরে ৩০ থেকে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।’

সমাবেশে জাতীয় কমিটির পক্ষ থেকে ফুলবাড়ী শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে আছে আগামী সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে ছয় দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হলে অক্টোবরের প্রথম থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দিনাজপুরের ফুলবাড়ী, পার্বতীপুর, নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলা এবং এসব উপজেলার ইউনিয়নগুলোতে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল, পথসভা ও গ্রাম কমিটি গঠন; ২৫ অক্টোবর উপজেলা পরিষদ ঘেরাও ও অবস্থান ধর্মঘট এবং ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান। এরপরও দাবি আদায় না হলে ফুলবাড়ীবাসীকে সঙ্গে নিয়ে ২১ নভেম্বর দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও অবস্থান ধর্মঘট পালন করা হবে এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

২০০৬ সালের ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা ও বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে ফুলবাড়ীসহ পাশের চার উপজেলার হাজার হাজার মানুষ প্রতিবাদ মিছিল বের করে। এই মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি চালালে আল আমিন, সালেকীন ও তরিকুল নামের তিন যুবক নিহত হন। আহত হন তিন শতাধিক।