প্রধানমন্ত্রী প্রশাসন নিয়ে রাজনীতি করেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা প্রশাসন নিয়ে রাজনীতি করেন না। আমরা প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার নীতিতে বিশ্বাস করি।’
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যৌথ সভা শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণের লক্ষ্যে ওই সভার আয়োজন করা হয়।
জনপ্রশাসনমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর ‘রাজনীতিমুক্ত’ প্রশাসন তৈরিতে কী ভূমিকা রাখবেন—জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, ‘সরকার সরকারের কাজ করবে, দল দলের কাজ করবে; আমি এই নীতিতে বিশ্বাস করি।’ তিনি জানান, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সেই অনুযায়ী সরকারের কাজ করেন। তখন তিনি আওয়ামী লীগ করেন না। আবার যখন দলের কাজ করেন, তখন দলেরই কাজ করেন। এখানে কোনো সংঘাত দেখেন না।
সম্প্রতি আশরাফকে স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এক সপ্তাহের মাথায় তাঁকে দেওয়া হয় জনপ্রশাসনের দায়িত্ব, যা এত দিন প্রধানমন্ত্রীর হাতে ছিল।
বিএনপিকে ‘শেষ’ করতে নানা ষড়যন্ত্র চলছে বলে যে অভিযোগ খালেদা জিয়া করেছেন, তা প্রত্যাখ্যান করে সৈয়দ আশরাফ বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো খবর নেই। দল কারা ভাঙছে বা ভাঙতে চাইছে, তাদের আমরা চিনি না।’
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের পাঠানো চিঠির বিষয়ে জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, ‘আমি চিঠি পেয়েছি। স্পিকার ইলেকশন কমিশনে যে চিঠি পাঠিয়েছেন, তার কপিও পেয়েছি।’ তিনি বলেন, ‘আশা করি, আগামী কয়েক দিনের মধ্যে ইলেকশন কমিশন আমাদের আমন্ত্রণ জানাবে। তখন আমাদের গঠনতন্ত্র, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমাদের প্রস্তাব সেদিন উপস্থাপন করব, যুক্তিতর্ক উপস্থাপন করব।’
ব্রিফিংয়ে জানানো হয়, জাতির জনকের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি চূড়ান্ত করে তা শিগগিরই গণমাধ্যমকে জানানো হবে। এবারের কর্মসূচিতে নতুনত্ব থাকছে—এটা বললেও তিনি কর্মসূচির ধরন সম্পর্কে কিছু বলেননি। প্রধানমন্ত্রীর অনুমোদন নেওয়ার পরই তা প্রকাশ করা হবে বলে জানান দলের সাধারণ সম্পাদক।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন, আওয়ামী লীগের নেতাদের মধ্যে আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ভূঁইয়া মোজাম্মেল হক, আফজাল হোসেন, এনামুল হক শামীম, সুজীত রায় নন্দী প্রমুখ।