প্রধানমন্ত্রী ফিরছেন আজ, বিমানবন্দরে সংবর্ধনা দেবে আ.লীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৬৫তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় দেশে ফিরছেন। গত ১৮ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ এমডিজি পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী দেশে ফিরলে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে সংবর্ধনা জানাবেন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। খবর বাসস ও ইউএনবির। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে শিশু মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে সফলতা লাভ করায় বাংলাদেশ এবার এমডিজি পুরস্কার পেয়েছে। ১০ দিনের নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাবেন। ব্যানার, ফেস্টুন এবং বাদ্যযন্ত্রসহকারে দুপুর থেকেই নেতা-কর্মীরা বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করবেন বলে দলের নেতারা জানিয়েছেন।