প্রধানমন্ত্রী ফিরবেন দুইটায়, যুবলীগ রাস্তায় দাঁড়াবে বারোটায়
চীন সফর শেষে আগামীকাল বুধবার ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বেলা দুইটা ১০ মিনিটে। তাঁকে স্বাগত জানাতে দুপুর ১২টা থেকেই জাহাঙ্গীর গেট থেকে গণভবন পর্যন্ত রাস্তায় দাঁড়াবেন যুবলীগের নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান জানান, চীন সফর সফল হওয়ায় লক্ষাধিক যুবনেতার সমন্বয়ে রংবেরঙের প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে মানবপ্রাচীর কর্মসূচির মাধ্যমে নেত্রীকে শুভেচ্ছা ও স্বাগত জানানো হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর কর্মসূচি সফল করতে যুবলীগ, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ও উত্তর বর্ধিত সভাও করেছে।
তবে ঢাকা মহানগর আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাস্তায় দাঁড়াবে না। জানতে চাইলে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘আমরা বিমানবন্দরে যাব। তবে রাস্তায় দাঁড়ানোর কোনো কর্মসূচি আমাদের নেই।’