প্রধানমন্ত্রী ফিরলে আবার আন্দোলনে যাবেন নার্সরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী দেশে না ফেরা পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন নার্স নেতারা। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই ঘোষণা দেন। নিয়োগ প্রক্রিয়া নিয়ে গত দুই মাস ধরে নার্সদের দুটি সংগঠন আন্দোলন করে আসছে।

প্রসঙ্গত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে সৌদি আরব সফরে আছেন।

চলমান আন্দোলনের মধ্যেই গতকাল শুক্রবার ৩ জুন সরকারি কর্মকমিশন (পিএসসি) নার্স নিয়োগ পরীক্ষা নেয়। নার্সদের সংগঠনগুলো নতুন করে পরীক্ষা নেওয়ার এবং তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। সংগঠনের নেতারা বলছেন, পরীক্ষায় অন্তত ৫০ শতাংশ নার্স অংশ নেননি।

এক প্রশ্নের জবাবে ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের (বিডিবিএনএ) মহাসচিব ফারুক হোসেন বলেন,‌ ‌‘নার্সিং পেশায় ৯৮ শতাংশ নারী। পুলিশের হামলায় এক নার্সের গর্ভপাত হয়েছে। আমাদের দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সাতজন গুরুতর আহত। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে আমরা নিরাপদ বোধ করছি না।’ প্রধানমন্ত্রী দেশে ফিরলে তাঁদের সমস্যার একটা সুরাহা হবে বলে তাঁরা আশা করছেন।

এর আগে ১ জুন রাতে আন্দোলনরত নার্সদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হন। পুলিশ আন্দোলনরতদের বিরুদ্ধে মামলা করেছে। আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, পুলিশ তাঁদের হুমকিধমকি দিচ্ছে বলেও অভিযোগ আছে।

পিএসসির মাধ্যমে নিয়োগ বন্ধ করে ব্যাচ ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি ও বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন গত ২৮ এপ্রিল থেকে আন্দোলন করে আসছে। এর অংশ হিসেবে গত ১ জুন স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচিতে তাঁরা পুলিশি হামলার শিকার হন।

আজ ডিআরইউতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সাধারণ সম্পাদক নাহিদা আক্তার। তিনি বলেন, ‘এর আগে স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নিলেও পিএসসি তাদের পরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখে। এর অংশ হিসেবে ৩ জুন নার্স নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলমান সংকট মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রতিশ্রুতি দিলেও তিনি তা রক্ষা করতে পারেননি।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস বলেন, পরীক্ষায় ৫০ শতাংশ নার্স অংশ নিয়েছেন। দক্ষ ও যোগ্য নার্সদের সেবা খাতে অন্তর্ভুক্ত করতে নতুন করে পরীক্ষা নেওয়া উচিত।

২০১৪ সালের আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ হাজার নার্স নিয়োগের ঘোষণা দেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, বাংলাদেশে এখনো দুই লাখ নার্সের ঘাটতি আছে। প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকেই নার্সরা দাবি করে আসছেন, ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ হতে হবে। তবে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ার কারণে নার্সদের নিয়োগ এখন সরকারি কর্মকমিশনের হাতে। কর্মকমিশন মেধার ভিত্তিতে নিয়োগ দিতে চায়। দেশে বেকার নার্সের সংখ্যা ২১ হাজার ৫০০।