প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার করলে বিএনপি আলোচনার প্রস্তাব বিবেচনা করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহার করা হলে বিএনপি আলোচনায় অংশ নেওয়ার কথা বিবেচনা করবে। অন্যথায় এ বিষয়ে সংসদে গিয়ে বিএনপির আলোচনা করার কোনো প্রয়োজন নেই। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন। ‘গণতন্ত্র: মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের ব্যর্থতা’ শীর্ষক এই আলোচনার আয়োজন করেছে বেসরকারি সংগঠন নাগরিক ফোরাম। মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার সুযোগ নেই। আবার তিনি এই বিষয়ে বিরোধী দলকে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য প্রত্যাহার করলে এবং সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে আছে সেভাবে রেখে আলোচনার প্রস্তাব দিলে বিএনপি তাতে অংশ নেওয়ার কথা ভেবে দেখবে। মওদুদ বলেন, বিশেষ কমিটি অনেকের সঙ্গে আলোচনা করেছে, মতামত নিয়েছে। কিন্তু সংশোধনী প্রস্তাবে কেবল প্রধানমন্ত্রীর বক্তব্য গ্রহণ করেছে। বাকি যা কিছু করেছে, তা কেবল লোক দেখানো। তিনি বলেন, যাদের ইমান ঠিক নেই, তাদের সঙ্গে আলোচনা করে কী লাভ। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিচারপতি এ বি এম খায়রুল হকের বেশ কিছু রায় জাতির কাছে কলঙ্কজনক হয়ে থাকবে। তাঁকে দেশের জনগণ ক্ষমা করবে না। কেননা, তিনি দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে দিয়েছেন। নাগরিক ফোরামের সভাপতি আবদুল্লা হিল মাসুদের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির নেতা নিতাই রায় চৌধুরী, জামায়াতের নেতা আবদুর রাজ্জাক প্রমুখ।