প্রধানমন্ত্রী বগুড়া যাচ্ছেন আজ, প্রত্যাশা অনেক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বগুড়া সফরে আসছেন। তাঁর কাছে বগুড়াবাসীর অনেক প্রত্যাশা। দাবি-দাওয়ার মধ্যে শীর্ষে রয়েছে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ও সিটি করপোরেশন ঘোষণার দাবি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আজ সকালে হেলিকপ্টারে করে বগুড়া সেনানিবাসে অবতরণ করবেন। এরপর শহীদ বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে ১২ ল্যান্সারকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এর আগে জনসভাস্থলে ডিজিটাল ইলেকট্রনিকস বোর্ডের মাধ্যমে নবনির্মিত বগুড়া মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন, আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় ভবনসহ ১৯টি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন এবং সরকারি আজিজুল হক কলেজে ১০০ শয্যার ছাত্রীনিবাসসহ ১৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনার এই সফর সামনে রেখে পাল্টে গেছে বগুড়া শহরের রূপ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রং-বেরঙের তোরণ আর ডিজিটাল ব্যানার-ফেস্টুনে অন্যরকম সাজে সেজেছে গোটা শহর। সড়ক-মহাসড়ক ও সড়কদ্বীপে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার বিশাল বিশাল ছবি। রং-বেরঙের বাহারি নৌকা। ১০০টি মাইক লাগানো হয়েছে। এ ছাড়া জিলা স্কুল মাঠ, শহীদ খোকন পার্ক, সাতমাথা, দলীয় কার্যালয়ের সামনে এলইডি পর্দায় প্রধানমন্ত্রীর ভাষণ দেখার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে প্রতিবছর বগুড়ায় হাজারো শিক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেন। কিন্তু এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই। বগুড়াবাসী দীর্ঘদিন ধরে সরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়াবাসীর এই দাবি পূরণের ঘোষণা দেবেন, এমন আশা করছেন দলীয় নেতা-কর্মীসহ অগণিত মানুষ।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে তাঁদের দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে বগুড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যৌক্তিকতা তুলে ধরা হয়েছে। এ ছাড়া ১৪০ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, বগুড়া-সিরাজগঞ্জ সরাসরি রেলপথ নির্মাণ, শতবর্ষী করোনেশন ইনস্টিটিউশনসহ দুটি বিদ্যালয়কে সরকারীকরণ, বগুড়া বিমানবন্দর চালু, বগুড়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম চালু, আলাদা একটি আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম নির্মাণ, বগুড়া বেতারকেন্দ্রকে (সম্প্রচারকেন্দ্র) পূর্ণাঙ্গ বেতারকেন্দ্রে উন্নীতকরণ, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), কৃষি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনসহ নানা দাবির কথাও তাঁকে জানানো হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন বগুড়ার উন্নয়নে ১১ দফা দাবির পক্ষে ইতিমধ্যে রোড শো করেছেন। বগুড়ার উন্নয়নে দলীয় সভানেত্রীর কাছে প্রস্তাব তুলে ধরেছেন বগুড়ার সাংসদ আবদুল মান্নান।
এককাট্টা বগুড়াবাসী: প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণার দাবিতে বগুড়ার সর্বস্তরের মানুষ এককাট্টা। দলীয় নেতারা বিলবোর্ড-ব্যানারে প্রধানমন্ত্রীর কাছে এসব দাবি তুলে ধরেছেন। পেশাজীবী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও এসব দাবিতে এর আগে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
সেই সঙ্গে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর না করার পক্ষেও প্রচার চালানো হচ্ছে। এর পক্ষে যুক্তি দিয়ে বলা হচ্ছে, কলেজটিতে বর্তমানে ৪৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন, তাঁদের ৬০ শতাংশই বগুড়ার স্থানীয়। এই কলেজকে বিশ্ববিদ্যালয় করা হলে বড়জোর দুই হাজার শিক্ষার্থী সেখানে পড়াশোনার সুযোগ পাবেন। এর মধ্যে বগুড়ার স্থানীয় শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেতে পারেন ১০ শতাংশ। এ ছাড়া শিক্ষকদের পদ বিলুপ্ত হলে বিএসএস শিক্ষা ক্যাডার থেকে ১৭৫টি পদ কমে যাবে।
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস-উল-আলম বলেন, এখানে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দরকার।
বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ নাসিমা আখতার জাহান বলেন, বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে এই অঞ্চলে নারী শিক্ষার প্রসার ঘটবে।
বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন বলেন, বগুড়ায় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপন এখন এখানকার মানুষের প্রাণের দাবি।
ঝুলে আছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২০০১ সালের ১৫ জুলাই প্রকাশিত সরকারি গেজেট অনুযায়ী, ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ স্থাপনে জাতীয় সংসদে একটি আইন প্রণীত হয়। আইনটি ওই বছরের ১৫ জুলাই রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। এরপর এত দিনেও বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়নি।