উৎপাদন শুরু না হওয়া পর্যন্ত ৮০ শতাংশ বেতনসহ নানা দাবিতে গত রোববার প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির দেশি শ্রমিকেরা। খনির দুই ফটকে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খনি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, গত শনিবার খনির প্রশাসনিক ভবনে দেশি শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে খনি কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়াম কর্তৃপক্ষ। বৈঠকে কয়লা উৎপাদন শুরু না হওয়া পর্যন্ত দেশি শ্রমিকদের বিনাশ্রমে অর্ধেক বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু শ্রমিকেরা ৮০ শতাংশ বেতন দাবি করেন। কর্তৃপক্ষ এতে রাজি না হওয়ায় সমঝোতা বৈঠক ভেস্তে যায়। জানা গেছে, গত ১১ মে খনির ভূগর্ভে ১১০৮ নম্বর খনিমুখে বড় ধরনের ভূমিধস হয়। এতে এক শ্রমিক মারা যান। আহত হন আরও ২০ শ্রমিক। ওই দুর্ঘটনার পর থেকে খনিতে কয়লা উত্তোলন পুরোপুরি বন্ধ রয়েছে।