‘আমি সিদ্ধান্ত নিলাম, জনগণ সেটা মানতে বাধ্য’—এমন মনোবৃত্তি ত্যাগ করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক।
এ বি এম খায়রুল হক বলেছেন, ‘প্রধান বিচারপতি থাকতে অনেক কথা বলতে পারিনি। অনেক কথা কেন, কথাই বলতে পারিনি। আজ আমি অনেক কথা বলব। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা ৩৫০ জন সংসদ সদস্য সার্বভৌম নয়। সার্বভৌম হলো জনগণ।’
গতকাল শনিবার সকালে রাজধানীর সিরডাপ সম্মেলনকক্ষে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) উদ্যোগে সমুদ্রাঞ্চলের সম্পদ নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রধান বিচারপতি এ কথা বলেন।
খায়রুল হক আরও বলেন, ‘প্রথম আলোর মিজানুর রহমান খান বলেন, প্রধানমন্ত্রী নাকি সরকার। কিন্তু আমার কাছে মনে হয়, প্রশাসনের যুগ্ম সচিব কিংবা জমির সার্ভেয়ার হলো সরকার। আসলে এ দেশে কে সরকার, সেটাই বুঝতে পারি না।’
আমাদের দেশের আইনগুলোর মাত্র ১০ শতাংশ জনগণ মেনে চলে উল্লেখ করে খায়রুল হক বলেন, এত আইন, কিন্তু ৯০ ভাগই কেউ মানে না। তাই আইনগুলো যেন মানুষ মেনে চলে, সে জন্য এগুলো উন্নত করে প্রয়োগ করতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্রবিষয়ক ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেন, বাংলাদেশের উপকূলে ছোট-বড় ৭৫টি দ্বীপ রয়েছে৷ এসব দ্বীপের অনেকগুলোই বৃক্ষরোপণের মাধ্যমে আগামী ১০ বছরের মধ্যেই ব্যবহার-উপযোগী করা সম্ভব।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান। বাংলাদেশ নৌবাহিনীর পরিচালক কমোডর এস এম হাকিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের অধ্যাপক মো. মারুফ হোসেন, নৌবাহিনীর ক্যাপ্টেন শাহদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক শহিদুল ইসলাম ও বাংলাদেশ কোস্টগার্ডের কমান্ডার বজলুর রশিদ সেমিনারে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন পবার চেয়ারম্যান আবু নাসের খান।
বক্তারা বাংলাদেশের সামুদ্রিক অঞ্চলের পরিবেশ রক্ষা এবং সম্পদের টেকসই আহরণের জন্য একটি বহুমুখী দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন প্রয়োজন জরুরি বলে অভিমত প্রকাশ করেন। তাঁরা বলেন, সমুদ্রের সঙ্গে সরকারের একাধিক মন্ত্রণালয় বা সংস্থা জড়িত বিধায় এসব মন্ত্রণালয়ের কার্যক্রম সমন্বয় ও তদারক করার জন্য জাতীয় পর্যায়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন পরিষদ বা কমিশন গঠন সময়ের চাহিদা৷