প্রধানমন্ত্রী বাগমারায় যাচ্ছেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার রাজশাহীর বাগমারা সফরে আসছেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর এই সফরে বাগমারা কী পাচ্ছে, তা নিয়েই সর্বত্র চলছে জল্পনা-কল্পনা। এবারই প্রথম কোনো প্রধানমন্ত্রী বাগমারা সফরে আসছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে জানা গেছে, দুপুরে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে বাগমারায় পৌঁছাবেন। তিনি উপজেলার চানপাড়ায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের উদ্বোধন করবেন। পরে উপজেলার দেউলার এনাপার্ক মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। জনসভাস্থলে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতীকী উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ নিরাপত্তাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
বাগমারা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার ও গোপালপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল হোসেন জানান, তাঁরা প্রধানমন্ত্রীর সম্মানে নিজেদের উদ্যোগে তোরণ নির্মাণ করেছেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান জানান, বাগমারায় এবারই প্রথম কোনো প্রধানমন্ত্রী আসছেন। এটা বাগমারাবাসীর জন্য বড় পাওয়া। তাই তাঁকে সম্মান জানানোর জন্য এসব উদ্যোগ।
উপজেলার ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান বাগমারায় একটি সরকারি পলিটেকনিক ও কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে বলেন, এখানে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও সরকারি কোনো প্রতিষ্ঠান নেই। এ ছাড়া একটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হলে বেকার সমস্যা নিরসনে ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে নজর দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্থানীয় সাংসদ এনামুল হক জানান, এটি হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। বাগমারা ছাড়াও নিকটবর্তী নওগাঁ ও নাটোর জেলা থেকে লোকজন আসবে।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুণ্ডু বলেন, ভবানীগঞ্জে ফকিন্নি নদীতে একটি বড় সেতু এবং নওগাঁ, নাটোর ও রাজশাহীর সঙ্গে সহজ যোগাযোগের জন্য আন্ত-উপজেলা সড়ক নির্মাণ ও ভবানীগঞ্জ কলেজকে সরকারি করার প্রতিশ্রুতি চাই।
সাংসদ এনামুল হক বলেন, ‘বাগমারাবাসীর অনেক চাওয়া পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী বাগমারায় আসছেন, তিনি কিছু না কিছু দিয়েই যাবেন। আমাদের আরও অনেক দাবি রয়েছে। প্রধানমন্ত্রী সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেবেন বলে আশা করছি।’