প্রধানমন্ত্রী বাগেরহাট যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার বাগেরহাট সফরে আসছেন। সফরকালে তিনি সাতটি প্রকল্পের উদ্বোধন ও ২০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সরকারি হিসাব অনুযায়ী, ২০০৯ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত সরকার বাগেরহাটের অবকাঠামো, কৃষি ও সামাজিক উন্নয়ন খাতে অন্তত এক হাজার ১১ কোটি টাকা ব্যয় করেছে। এর মধ্যে অবকাঠামোগত উন্নয়নে সম্পৃক্ত জেলার প্রধান আটটি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৮৪৬ কোটি টাকার কাজ বাস্তবায়ন করা হয়েছে। বিভিন্ন ধরনের ঋণ, ভাতাসহ সামাজিক এবং সেবা খাতে ব্যয় হয়েছে আরও ২৫১ কোটি টাকা। জেলায় আরও ৯১০ কোটি টাকা ব্যয়ে ২৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার বাগেরহাটের উন্নয়নে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করেছে। এ জন্য বাগেরহাটবাসী প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।
জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, দু-একটি প্রকল্প বাদ দিলে এই সরকারের সময়ে বাগেরহাটে তেমন কোনো উন্নয়ন হয়নি, বরং তারা জোট সরকারের সময়ে বাস্তবায়ন করা কিছু প্রকল্প নিজেদের কৃতিত্ব বলে চালিয়ে দিয়েছেন। উন্নয়নের নামে রামপালের তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প জাতির সর্বনাশের কারণ হবে।
জেলা সিপিবির সভাপতি রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির মধ্যে ঢাকা-বাগেরহাট-মংলা রেল যোগাযোগ চালু করাসহ কয়েকটি প্রতিশ্রুতি পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়নি।