প্রধানমন্ত্রী বাগেরহাটে যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাটে আসছেন। প্রধানমন্ত্রী দুপুর দেড়টায় হেলিকপ্টারযোগে বাগেরহাটে পৌঁছাবেন।প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার মঞ্জিলা ফারুক স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রথমে তিনি বাগেরহাটে নির্মিত প্রথম চিংড়ি গবেষণাকেন্দ্রটি উদ্বোধন করবেন এবং পরে বাগেরহাট আদালত চত্বরে বার কাউন্সিল ভবনের ভিত্তিপ্রস্তরর স্থাপন করবেন। এরপর প্রধানমন্ত্রী হজরত খানজাহান (রা.)-এর মাজার জিয়ারত করবেন এবং বিকেল পৌনে পাঁচটায় দলীয় জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। বিকেল পাঁচটার দিকে তিনি ঢাকার উদ্দেশে বাগেরহাট ত্যাগ করবেন।বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, বাগেরহাটের মানুষ বিভিন্ন সময় মংলা বন্দরের উন্নয়ন, ফয়লার অসমাপ্ত বিমানবন্দর নির্মাণ, বাগেরহাটে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, মংলা থেকে বাগেরহাট হয়ে রেললাইন সংযোগসহ বেশ কিছু দাবি জানিয়ে আসছে। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী এসব বিষয়ে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেবেন।