তারেক-কোকোর মামলা দ্রুত নিষ্পত্তি করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপ করেছেন। সরকার ক্ষমতায় আসার পর থেকেই এভাবে একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার কাজে লিপ্ত আছে।খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি তারেক রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের করা মানি লন্ডারিং মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে গতকাল শনিবার রাজধানীর মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ হয়। সেখানে বিএনপির নেতারা এ কথা বলেন। বিএনপি দাবি করছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলার বিচার দ্রুত নিষ্পত্তির জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ প্রতিহিংসামূলক। গতকাল একই দাবিতে সারা দেশে বিএনপি বিক্ষোভ সমাবেশ করে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার সমাবেশে বলেন, আওয়ামী লীগ দেশে সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করছে। তারা ক্ষমতায় আসার পর প্রায় সাড়ে তিন লাখ অপরাধীকে ছেড়ে দিয়েছে। ফাঁসির আসামিদেরও মুক্তি দেওয়া হচ্ছে।ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী ভেবে দেখছেন না, বিচার প্রক্রিয়াধীন একটি মামলা নিয়ে কথা বলা বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপের শামিল। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার চেষ্টা করছে। মির্জা ফখরুল বলেন, ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার সংবিধান সংশোধন করতে যাচ্ছে। তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, এগুলো করে লাভ হবে না। জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।আমিনীর ছেলেকে ফিরিয়ে দেওয়ার দাবি বিএনপির: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর ছেলে হাসনাতকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপি।