প্রধানমন্ত্রী বিনা মূল্যে কোটি কোটি টাকার ওষুধ দিচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রামগঞ্জে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে কোটি কোটি টাকা খরচ করে বিনা মূল্যে ৩১ প্রকারের ওষুধ দিচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা শিল্পকলা অডিটোরিয়ামে জেলা ও উপজেলার শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমাদের যাঁর যে কাজ, তা ঠিকমতো করতে হবে। কিছু মানুষের কারণে আমাদের ভাবমূর্তি (ইমেজ) নষ্ট হয়ে যাচ্ছে, সরকারের টাকার সঠিক ব্যবহার আর আমরা যদি আমাদের দায়িত্ব ঠিকমতো পালন করি, তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে।’
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে নীলফামারী সিভিল সার্জন আবদুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এ এম রফিকুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, বিএমএর জেলা সভাপতি মমতাজুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আফরোজা বেগম প্রমুখ।