প্রধানমন্ত্রী বুলগেরিয়া থেকে দেশে ফিরেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরামে’ যোগদান শেষে বুলগেরিয়া থেকে আজ শনিবার সকালে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে আজ সকাল সাড়ে ছয়টায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
স্বাধীনতার পর বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের এটাই প্রথম বুলগেরিয়া সফর।
এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৮ মে সোফিয়া নগরে ন্যাশনাল আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত গ্লোবাল উইমেন লিডার্স ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। তিনি এতে প্রধান অতিথি হিসেবে মূল বক্তৃতা করেন। তিনি সফরকালে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বোইকো বরিসভের সঙ্গে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করেন। তিনি প্রেসিডেনশিয়াল প্রাসাদে বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোজেন প্লেভনেলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেন।
আনুষ্ঠানিক বৈঠকের পর ঢাকা ও সোফিয়া একটি কাঠামো চুক্তি এবং অর্থনীতি, ব্যবসা ও কূটনীতি ক্ষেত্রে তিনটি সমঝোতা স্মারক সই করেছে।
শেখ হাসিনা বুলগেরিয়ার ন্যাশনাল হিস্টরি মিউজিয়াম পরিদর্শন করেছেন। সোফিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা হোটেলে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছে।
বুলগেরিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছে।
বুলগেরিয়া যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দুই দিনের যাত্রাবিরতি করেন।