প্রধানমন্ত্রী বৃহস্পতিবার গোপালগঞ্জ আসছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার গোপালগঞ্জে আসছেন। তিনি বৃহস্পতিবার বেলা ১১টায় গোপালগঞ্জ সদরের মানিকদাহ হাউজিং এলাকায় রোভার স্কাউটদের সর্ববৃহৎ সমাবেশ ‘জাতীয় রোভার মুট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এর আগে সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে গোপালগঞ্জের উদ্দেশে রওনা হবেন। বেলা ১০টা ৫০ মিনিটে তিনি সড়কপথে মানিকদহ হাউজিংয়ের উদ্দেশে রওনা হবেন। সেখানে একাদশ জাতীয় রোভার মুটের বিভিন্ন অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। দুপুর ১২টা ২০ মিনিটে তিনি সড়কপথে টুঙ্গিপাড়া যাবেন।
টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর প্রধানমন্ত্রী পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেবেন। রাতে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে রাত্রি যাপন করবেন। শুক্রবার দুপুরের দিকে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-২ এস এম খুরশিদ-উল-আলম জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এসব তথ্য জানিয়েছেন। গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে গোপালগঞ্জ জেলা সদর ও টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।