প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন ৭ এপ্রিল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ থেকে ১০ এপ্রিল ভারত সফর করবেন। সফরের দ্বিতীয় দিনে দিল্লির হায়দরাবাদ হাউসে শীর্ষ বৈঠক করবেন দুই প্রধানমন্ত্রী। এর আগে ২০১০ সালের জানুয়ারিতে ভারত সফর করেন শেখ হাসিনা। আর শেখ হাসিনার আমন্ত্রণে ২০১৫ সালের জুনে ঢাকায় এসেছিলেন নরেন্দ্র মোদি।
পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, দুই দেশ যৌথভাবে শেখ হাসিনার ভারত সফরের সময়সূচির ঘোষণা দিয়েছে। এই সফর দুই দেশের বন্ধুত্বের বন্ধনকে শক্তিশালী করবে এবং দুই নেতার মধ্যে আস্থা বাড়াবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল সকালে প্রথম আলোকে বলেন, নরেন্দ্র মোদি এপ্রিলে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছেন। ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা গত সোমবার পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে দেখা করতে গিয়ে চিঠিটি হস্তান্তর করেন।
খসড়া সফরসূচি অনুযায়ী, শেখ হাসিনা ৮ এপ্রিল নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের বিরোধীদলীয় নেত্রী ও কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। ওই দিনই এক অনুষ্ঠানে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেবেন শেখ হাসিনা।