প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী (ফেব্রুয়ারি) মাসের প্রথমার্ধে দ্বিপক্ষীয় সফরে ভারতে যাচ্ছেন। সফরের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও এ সময়ে সফরটি আয়োজনের প্রস্তুতি চলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত ডিসেম্বরে তাঁর নয়াদিল্লি যাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে আকস্মিকভাবে বাংলাদেশের অনুরোধে সফরটি পিছিয়ে যায়।
কূটনৈতিক সূত্র বলেছে, দুই নিকট প্রতিবেশীর সম্পর্ক সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে প্রতিরক্ষা, মহাকাশসহ নতুন অনেক খাতে চুক্তি ও সমঝোতা স্মারক এবং বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে অর্থায়নের ঘোষণা আসার কথা রয়েছে। এ বিষয়গুলো নিয়ে আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
এই সফরে প্রতিরক্ষা, বড় প্রকল্পে অর্থায়ন, বাণিজ্য, বিনিয়োগ ছাড়াও মহাকাশ, স্যাটেলাইটসহ বিভিন্ন খাতে সইয়ের জন্য অন্তত ৪০টি চুক্তি ও সমঝোতা স্মারকের প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া সমুদ্রবন্দর, বিমানবন্দর, সড়কসহ বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো খাতে সৃজনশীল পন্থায় ভারতের অর্থায়নের ব্যাপারে প্রস্তুতি রয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো থেকে জানা গেছে। এ ছাড়া প্রধানমন্ত্রী দিল্লিতে একাত্তরে আত্মোৎসর্গকৃত ভারতীয় সেনাসদস্যদের পরিবারের সদস্যদের সম্মাননা জানাবেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কয়েকজনের হাতে এই সম্মাননা তুলে দেবেন। পরে ভারতে বাংলাদেশ হাইকমিশন অন্যদের হাতে এই সম্মাননা দেবে।
সূত্র বলেছে, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয় এবং বাংলাদেশের অগ্রাধিকার হিসেবে তিস্তা চুক্তিতে জোর দেওয়া হবে। এ মুহূর্তে এ নিয়ে কোনো অগ্রগতির সম্ভাবনা না থাকলেও বিষয়টির ওপর বাংলাদেশের গুরুত্ব থাকবে। ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাম্প্রতিক তিক্ততা তিস্তা চুক্তি সইকে আরও অনিশ্চিত করে তুলেছে। তবে নয়াদিল্লির সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্কের সমীকরণকে বাংলাদেশ সে দেশের নিজস্ব বিষয় মনে করে। তেমনি ভারতের দেওয়া প্রতিশ্রুতি পূরণের জন্য দ্রুত চুক্তিটি সই করা উচিত বলে মনে করে বাংলাদেশ।
কূটনৈতিক সূত্রগুলোতে কথা বলে জানা গেছে, তিস্তা চুক্তি ছাড়া সামনে বাংলাদেশের জন্য বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে গঙ্গা ব্যারাজ নির্মাণের কাজ শুরুর জন্য ভারতকে পাশে পাওয়া, স্থলসীমান্ত চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং সামরিক সহযোগিতা চুক্তি সই করা।