প্রধানমন্ত্রী মনে না করলেও আমি তাঁর আত্মীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে আত্মীয় মনে করেন না বলে যে বক্তব্য দিয়েছেন, সেটা তাঁর রাজনৈতিক বক্তব্য। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে আত্মীয় মনে না করলেও আমি তাঁর আত্মীয়। কারণ, বঙ্গবন্ধুর বড় বোন (ফাতেমা বেগম) আমার দাদি।’
গতকাল শনিবার বিকেলে ফরিদপুর জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিক্সন চৌধুরী এসব কথা বলেন।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তাসংলগ্ন বালুর মাঠে নির্বাচনী জনসভায় বলেছিলেন, ‘পদ্মা সেতু নিয়ে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, যাদের দুদক জিজ্ঞাসাবাদ করেছে, তারা আমার আত্মীয় হতে পারে না।’
পদ্মা সেতু কেলেঙ্কারির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে নিক্সন চৌধুরীকে দুর্নীতি দমন কমিশন (দুদক) জিজ্ঞাসাবাদ করেছিল। এ বিষয়ে নিক্সন চৌধুরী দাবি করেন, ‘পদ্মা সেতুর দুর্নীতিতে আমি জড়িত নই। দুদক কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেই তিনি দুর্নীতিবাজ হয়ে যান না। তা ছাড়া এ-সংক্রান্ত মামলায় আমার নামও নেই।’
নিক্সন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী ওই জনসভায় পদ্মা সেতুর দুর্নীতিতে আমি জড়িত—এ মর্মে কোনো বক্তব্য দেননি। তিনি হয়তো ওই বক্তব্য দিয়ে তাঁর আশপাশের কাউকে বোঝাতে চেয়েছেন।’
জনসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘পঁচাত্তরে খুনিদের হাত থেকে বেঁচে যাওয়া আমি ও আমার বোন রেহানা, আমাদের সন্তান, নাতি-নাতনি ও জামাই ছাড়া আমার আর কোনো আত্মীয় নেই। এর বাইরে কেউ যদি আত্মীয় পরিচয় দেয়, আমি তা বরদাশত করব না।’ প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে নিক্সন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী ওই কথায় তাঁর পরিবারের সদস্যদের বুঝিয়েছেন। পরিবারের সদস্য বলতে ছেলেমেয়ে, নাতি-নাতনিদেরই বোঝায়। আমি তো তাঁর পরিবারের সদস্য নই। আমি হলাম আত্মীয়।’
কাদের মোল্ল্লার কবর জিয়ারত করা-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নিক্সন চৌধুরী বলেন, তিনি ত্লাঁর কবর জিয়ারত করেননি। এটা গোপনে হয়তো কাজী জাফর উল্যাহ করতে পারেন। কেননা, তাঁর বাবা কাজী মাহবুব উল্ল্লাহ রচিত সেই যে আমার নানা রঙের দিনগুলি বইতে তিনি একাত্তরে পাকিস্তানি বাহিনীর সদস্যদের খাবার সরবরাহ করতেন মর্মে উল্ল্লেখ করেছেন।