প্রধানমন্ত্রী মরক্কো পৌঁছেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসি) কনফারেন্স অব পার্টিস-এর (কপ-২২) উচ্চ পর্যায়ের দুইটি পর্বে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে সোমবার বিকেলে মরক্কো পৌঁছেছেন। ইউএনএফসিসি (কপ-২২) বৈশ্বিক জলবায়ু শীর্ষ সম্মেলন হিসেবে সুপরিচিত।
মরক্কোর সাবেক রাজকীয় শহর মারাক্কেশে ইউএনএফসিসির ২২ তম এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০১৯) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে মরক্কোর স্থানীয় সময় বিকেল চারটা ৪৫ মিনিটে মেনারা বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আনুষ্ঠানিক সংবর্ধনা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে হোটেল লা মামৌনিয়াতে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি এ হোটেলে অবস্থান করবেন।
শেখ হাসিনা জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ সকালে মরক্কোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বিশ্বের ৫০ টিরও বেশি সরকার ও রাষ্ট্রপ্রধান বৈশ্বিক জলবায়ুর হুমকি মোকাবিলায় করণীয় নির্ধারণে অব্যাহতভাবে কাজ করে যাবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে কপ-২২ এর উচ্চপর্যায়ের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। বিকেলে তিনি কপ-২২, সিএমপি-১২ (১২ তম কনফারেন্স অব দ্য পার্টিস সারভিং এজ দ্য মিটিং অব দ্য পার্টিস অব দ্য কিয়োটো প্রটোকল) এবং সিএমএ-১ (ফাস্ট কনফারেন্স অব দ্য পার্টিস সারভিং এজ দ্য মিটিং অব দ্য পার্টিস অব দ্য প্যারিস অ্যাগ্রিমেন্ট) যৌথ উচ্চপর্যায়ের বৈঠকে বক্তৃতা করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
শেখ হাসিনা ১৬ নভেম্বর দেশে ফিরবেন।