
নয় বছর পর আজ মঙ্গলবার মাগুরায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি ২৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভাষণ দেবেন জনসভায়।
প্রধানমন্ত্রীর সফরসূচি ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর জনসভার জন্য মাগুরা স্টেডিয়ামে নৌকার আদলে মঞ্চ তৈরি করা হয়েছে। জেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় বেলা তিনটায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। এর আগেই প্রধানমন্ত্রী কাজ শেষ হওয়া ১৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও কাজ চলমান নয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সভামঞ্চের পাশে এ জন্য ফলক স্থাপন করা হয়েছে।
কাজ শেষ হওয়া প্রকল্প রয়েছে ১৯টি। ১৫০ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, মাগুরা ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সদরের আন্দোলবাড়িয়া সড়কে ফটকী নদীর ওপর ১০০.১০ মিটার সেতু, সদরের কাটাখালী-ইছাখাদা ৯.৭১ কিলোমিটার সড়ক, নতুন বাজারে নবগঙ্গা নদীর ওপর ৩০.৫০ মিটার সেতু, ৩৫০ ঘনমিটার প্রতি ঘণ্টা ক্ষমতাসম্পন্ন ভূগর্ভস্থ পানি শোধনাগার, বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রশাসনিক ভবন, সদর উপজেলার বেলনগর এলাকায় আঞ্চলিক হাঁস প্রজনন খামার (তৃতীয় পর্যায়), আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের জন্য আধুনিক প্রশিক্ষণ ভবন ও অতিথিশালা, মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয় ও ৫০ শয্যার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন।
এ ছাড়া প্রধানমন্ত্রী ১৭৭ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে নয়টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে রয়েছে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন, শালিখায় নালিয়া ঘাটে ফটকী নদীর ওপর ৯৬ মিটার সেতু নির্মাণ, শালিখার আটিরভিটা-বরইচারা বাজার সড়কে ফটকী নদীর ওপর ৬৬ মিটার সেতু নির্মাণ, শালিখার বাউলিয়া-শরশুনা সড়কে চিত্রা নদীর ওপর ৯৬ মিটার সেতু নির্মাণ, জাতীয় মহাসড়কের (এন-৭) মাগুরা শহর অংশ চার লেনে উন্নীতকরণ, মাগুরা পৌরসভার তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়), মাগুরা স্টেডিয়ামের পাশে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এবং শ্রীপুর ও শালিখা উপজেলা মিনি স্টেডিয়াম।
মাগুরার পুলিশ সুপার মুনিবুর রহমান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে তাঁরা সব প্রস্তুতি শেষ করেছেন।
সর্বশেষ ২০০৮ সালে বিরোধীদলীয় নেত্রী থাকাকালে শেখ হাসিনা মাগুরা এসেছিলেন। তারও এক দশক আগে ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী থাকাকালে তিনি মাগুরায় আসেন। এবারের আগমন উপলক্ষে জেলায় উৎসবের আমেজ চলছে। শহর আলোকসজ্জা, বিলবোর্ড আর ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান বলেন, ‘প্রধানমন্ত্রীর মাগুরায় আগমন উপলক্ষে আমরা উদ্বেলিত, আনন্দিত। মাগুরা জনসমুদ্রে পরিণত হওয়ার অপেক্ষায় রয়েছে।’