মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনসহ অনেক উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও আওয়ামী লীগের জনসভায় যোগদানের জন্য আজ শনিবার মাদারীপুর আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দীর্ঘ ১৫ বছর পর মাদারীপুরে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর কাছ থেকে মাদারীপুরের উন্নয়নে সুনির্দিষ্ট ঘোষণা চান। জানা গেছে, এই সরকারের আমলে এটি প্রধানমন্ত্রীর প্রথম মাদারীপুর সফর। তাঁর আগমন উপলক্ষে এরই মধ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে গোটা শহর। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। মাদারীপুরের কলেজছাত্রী মনিরা আক্তার বলেন, প্রধানমন্ত্রী তাঁর সফরে নারীদের জন্য এমন কোনো ব্যবস্থা নেবেন, যাতে নারীরা স্বাবলম্বী হতে পারেন। চরমুগরিয়ার বাসিন্দা মনিরুজ্জামান বলেন, আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত মাদারীপুর জেলায় আওয়ামী লীগ যেমন ভোট পায়, তেমন উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারেনি এই সরকার। শহরের থানতলী এলাকার ব্যবসায়ী রেজাউল করিম বলেন, ‘এই সরকারের আমলেই মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে পদ্মা সেতুর কাজ শুরু, জেলার শিক্ষা, কৃষি ও সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর বড় ধরনের কোনো ঘোষণা বা কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাই।’জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর কবির জানান, প্রধানমন্ত্রী সর্বশেষ মাদারীপুর এসেছিলেন ১৯৯৮ সালে বন্যার সময়। নেত্রী ১৫ বছর পর মাদারীপুরে আসায় নেতা-কর্মীদের মধ্যে প্রচণ্ড উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, শনিবার বেলা দুইটায় প্রধানমন্ত্রী মাদারীপুরের এ আর হাওলাদার জুটমিলের মাঠে ডিজিটাল পদ্ধতিতে সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া তিনি ১৫টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন এবং শেষে জনসভায় ভাষণ দেবেন। মাদারীপুর-২ (সদর) আসনের সাংসদ ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘মাদারীপুরে প্রধানমন্ত্রীর এই সমাবেশে কয়েক লাখ মানুষ উপস্থিত হবে বলে আশা করছি। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’