প্রধানমন্ত্রী মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন: বি. চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী
এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী

বিকল্পধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ভয় দেখাতে ও উত্তেজিত করার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘নির্বাচনকে যদি ভ্যানেটি ব্যাগে বন্দী করা হয়, তাহলে কোনো নির্বাচনই হবে না। কষ্ট করে ওই নির্বাচন না করলেই হয়।’
আজ মঙ্গলবার সকালে আগামী সংসদ নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কিছু বক্তব্য উল্লেখ করে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় বি. চৌধুরী এসব কথা বলেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—জেএসডি ‘দেশে বিদ্যমান রাজনৈতিক সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।
এবার তত্ত্বাবধায়ক সরকার এলে তারা ১০ বছরেও নির্বাচন দেবে না’— প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের উল্লেখ করে বি. চৌধুরী বলেন, ‘তিনি এ ধরনের সুনির্দিষ্ট তথ্য পেলেন কোথায়, জানতে চাই। মনে হচ্ছে, তিনি তাঁদের দাওয়াত দিয়ে এনেছেন।’
গোলটেবিল আলোচনার সঞ্চালক জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, সরকার দলীয় স্বার্থে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করেছে। এর মধ্য দিয়ে কোনো অসাংবিধানিক সরকার আসে কি না, তা নিয়ে মানুষ আতঙ্কিত ও শঙ্কিত। এর থেকে মুক্তি পেতে প্রয়োজন তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ বলেন, দেশের রাজনৈতিক সংকট ক্রমান্বয়ে একটা দানবীয় চেহারা প্রকাশ পাচ্ছে। তিনি বলেন, ‘নির্বাচন যদি না হয়, তাহলে তৃতীয় রাজনৈতিক শক্তি আবির্ভূত হোক, তা দেশের সুশীল সমাজ, নাগরিক সমাজ সবার কামনা। কিন্তু তা যদি না হয়, তাহলে অন্য কোনো তৃতীয় শক্তির আবির্ভাব ঘটবে না তো?’

তৃতীয় রাজনৈতিক শক্তির মেরুকরণের কুশীলবদের উদ্দেশে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বলেন, ‘দেশের মানুষ দুই স্রোতে বিভক্ত। এ সময় যদি আন্তরিকতার সঙ্গে মানুষকে একটা ঠিকানা দেওয়া যায়, মানুষ তা গ্রহণ করবে। কিন্তু দ্বিধান্বিত মন নিয়ে যুদ্ধ জয় করা যায় না।’ বর্তমান সরকারকে রাজতন্ত্রের চেয়ে অধম, স্বৈরাচারের চেয়ে নিকৃষ্ট বলে মন্তব্য করেন তিনি।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘শেখ হাসিনা যদি একা নির্বাচন করতে চান, তাহলে ১৮-দলীয় জোট তা বানচাল করতে পথে নামবে। তখন তৃতীয় শক্তি কী করবে, এখনই সিদ্ধান্ত নিতে হবে।’

যদি নির্বাচন না হয়, তাহলে অসাংবিধানিক সরকার আসার পথ তৈরি হবে। আর দুই দলই যদি নির্বাচনে অংশ নেয়, তখন তৃতীয় রাজনৈতিক শক্তি কী করবে, তা-ও এখনই ঠিক করতে হবে।

মূল প্রবন্ধে জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বর্তমান সংকট নিরসনে সংবিধান সংশোধন করে অদলীয়ভাবে নির্বাচিত বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের নিয়ে উচ্চকক্ষ গঠনসহ দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন করা এবং নির্বাচনকালীন সময়ের জন্য সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধান করার প্রস্তাব করেন।

আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুব উল্লাহ, সৈয়দ আনোয়ার হোসেন, গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক উল্লাহ।