‘নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ভয় দেখানো ও উত্তেজিত করার চেষ্টা করছেন’ বলে অভিযোগ করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
‘এবার তত্ত্বাবধায়ক সরকার এলে তারা ১০ বছরেও নির্বাচন দেবে না’— প্রধানমন্ত্রীর এ বক্তব্য উল্লেখ করে গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে বি. চৌধুরী এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এ ধরনের সুনির্দিষ্ট তথ্য কোথায় পেলেন, জানতে চাই। মনে হচ্ছে, তিনি তাঁদের দাওয়াত দিয়ে আনছেন।’
বি. চৌধুরী বলেন, ‘নির্বাচনকে যদি ভ্যানেটি ব্যাগে বন্দী করা হয়, তাহলে কোনো নির্বাচনই হবে না। কষ্ট করে ওই নির্বাচন না করলেই হয়। প্রধানমন্ত্রী হয়তো সেটাই বোঝাতে চেয়েছেন।’
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—জেএসডি ‘দেশে বিদ্যমান রাজনৈতিক সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।
আলোচনার সঞ্চালনা করেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, সরকার দলীয় স্বার্থে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করেছে। জাতিকে এ সংকট থেকে মুক্ত করার জন্য আওয়ামী লীগ ও বিএনপির উন্নত বিকল্প হিসেবে তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান প্রয়োজন।
‘আমার কাছে তথ্য আছে, নির্বাচনে আওয়ামী লীগই জয়ী হবে’ প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের এ বক্তব্যের সমালোচনা করে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ বলেন, ‘জয়ের কাছে তথ্য নয়, তাঁর হাতে আসলে নীলনকশা। পাঁচটি সিটি নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর তাঁর এ বক্তব্য ষড়যন্ত্রমূলক।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বলেন, বর্তমান সরকার রাজতন্ত্রের চেয়েও খারাপ, স্বৈরাচারের চেয়ে নিকৃষ্ট। জনপ্রতিরোধের মাধ্যমে এ সরকারকে বিদায় করতে হবে।
আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন, মাহবুব উল্লাহ ও গণফোরামের যুগ্মসাধারণ সম্পাদক শফিক উল্লাহ প্রমুখ।