প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাচ্ছেন ২ ডিসেম্বর
মালয়েশিয়ার নির্মাণ খাতসহ বিভিন্ন শিল্পের জন্য বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি এ দেশে বিনিয়োগের জন্য অনুরোধের কথা বিবেচনা করছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন মালয়েশিয়া সফরে এ বিষয়গুলোতে অগ্রাধিকার দেওয়া হবে।
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাচ্ছেন। তিন দিনের সফরের সময় দুই দেশ পর্যটনের বিকাশ, সংস্কৃতি বিনিময় এবং সরকারি কর্মকর্তা ও কূটনীতিকদের ভিসা শিথিলের ব্যাপারে তিনটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল রোববার প্রথম আলোকে জানান, আসন্ন মালয়েশিয়া সফরের সময় কৃষি খাতের পাশাপাশি নির্মাণসহ মালয়েশিয়ার বিকাশমান বিভিন্ন শিল্পে বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত করার অনুরোধ জানানো হবে। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বাংলাদেশের জ্বালানি, নির্মাণ ও অবকাঠামোসহ একাধিক খাতে মালয়েশিয়ার বিনিয়োগের অনুরোধ জানানো হবে।