প্রধানমন্ত্রী যাচ্ছেন না বলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছর বন্ধ থাকার পর সরকারি নির্দেশে সাত মাস ধরে দৌলতপুর জুট মিলটি চলছে। বড় আশা নিয়ে তিন শতাধিক শ্রমিক পুরোদমে উৎপাদন করায় বিপুল পরিমাণ পাটজাত পণ্য রপ্তানির অপেক্ষায় আছে। কিন্তু প্রধানমন্ত্রী আসছেন না বলে পাটকলটির আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে না। শ্রমিকেরা ন্যায্য মজুরিও পাচ্ছেন না। এদিকে টাকার অভাবে পাটকলটি আবারও বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে।শ্রমিক নেতা বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘১৩৫ থেকে ১৬০ টাকায় এখন কোনো শ্রমিক পাওয়া যায়? জননেত্রী শেখ হাসিনা সরকারিভাবে পাটকলটি চালুর ঘোষণা দিলেও এখন চলছে চুক্তির ভিত্তিতে। আসলে দ্রুত উদ্বোধন হলে বিজেএমসি (বাংলাদেশ পাটকল সংস্থা) আমাদের মজুরিকাঠামো অনুসারে বেতন দিতে বাধ্য হবে। আর তখন পাটকলের সব সমস্যা দূর হবে।’পাটকল কর্তৃপক্ষ ও শ্রমিক-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিল্পনগর খুলনার খালিশপুরে মাড়োয়ারিদের উদ্যোগে ১৯৫৩ সালে সাড়ে ২২ একর জমির ওপর দৌলতপুর জুট মিলটি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর থেকে লাভজনকভাবে চললেও নানা জটিলতার কারণে ২০০২ সালের ৭ ডিসেম্বর তৎকালীন বিএনপি সরকার পাটকলটি বন্ধ করে দেয়। বেকার হয়ে পড়েন প্রায় দুই হাজার শ্রমিক-কর্মচারী। শ্রমিকেরা দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করেন। আন্দোলন-সংগ্রামের পর ক্ষমতাসীন সরকার ২০১১ সালের ১০ অক্টোবর পাটকলটি পুনরায় চালুর সিদ্ধান্ত ঘোষণা করে। চলতি বছরের ১১ এপ্রিল রোজ হাজিরার ভিত্তিতে ১১০ জন শ্রমিক নিয়ে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়। প্রতিদিন দক্ষ শ্রমিক ১৬৫ ও অদক্ষ ১৩০ টাকা হারে মজুরি পাচ্ছেন। মজুরি কম সত্ত্বেও ভবিষ্যতের আশা নিয়ে ৩৭০ জন শ্রমিক এখানে কাজ করছেন। সম্প্রতি চালুর পর পাটকলটির পেছনে ছয় কোটি টাকা ব্যয় হলেও কোনো আয় হয়নি। দৌলতপুর জুট মিলের শ্রমিক মহসিন শেখ বলেন, ‘এত দিন ধরে আশা করে বসে আছি, আনুষ্ঠানিক উদ্বোধন হলে বিজেএমসি আমাদেরও অন্যান্য মিলের সমান বেতন দেবে। কিন্তু কিছুই তো হচ্ছে না।’মো. জয়নাল মিস্ত্রি বলেন, ‘দেয়ালের অন্য পাশের মিলে শ্রমিকেরা সপ্তাহে তিন হাজার টাকা আয় করছে। কিন্তু এখানে এক হাজারও পাওয়া যাচ্ছে না। তার পরও আশায় বুক বেঁধে আছি।’দৌলতপুর জুট মিলের প্রকল্প-প্রধান প্রকৌশলী তোফাজ্জেল হোসেন বলেন, ‘আমি এ বছর ৪ এপ্রিল যোগ দেওয়ার পর ১১ এপ্রিল মিলটি চালু হয়েছে। প্রথমে ১১০ জন শুরু করলেও, বর্তমানে ৩৭০ জন শ্রমিক সাত মাস ধরে কাজ করছেন। তাঁরা ১৫৮ বেল পাটপণ্য ভারতে রপ্তানির জন্য প্রস্তুত করলেও ব্যাংকের জটিলতার কারণে তা থেমে আছে। এ ছাড়া ওয়ার্ডার অনুসারে আরও ১৫০ বেল রেডি হচ্ছে। কিন্তু শুধু উদ্বোধন না হওয়ায় এখানকার শ্রমিকেরা পার্শ্ববর্তী মিল থেকে অর্ধেক মজুরি পাচ্ছেন বলে তীব্র অসন্তোষ বিরাজ করছে।’ এ অবস্থায় দ্রুত পাটকলটি উদ্বোধন না হলে বা অর্থের জোগান না হলে এটি ফের বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন ওই কর্মকর্তা।বাংলাদেশ পাটকল সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হুমায়ুন খালিদ বলেন, ‘আমরা চেষ্টা করছি। যত তাড়াতাড়ি সম্ভব চালু করে দেব।’